ওয়াহিদুল হকের জন্মদিনে
রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ, সাংবাদিক, লেখক ও সংগঠক প্রয়াত ওয়াহিদুল হকের ৮১তম জন্মদিন পালনে ১৪ মার্চ থেকে দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে কণ্ঠশীলন।
‘সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর’ প্রতিপাদ্যে ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১৪’ শুরু হবে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায়।
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব গোলাম সারোয়ার জানান, ওয়াহিদুল হকের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান কণ্ঠশীলন, ছায়ানট, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ব্রতচারীর অংশগ্রহণে দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী, নাট্যশিল্পী, সংগীতশিল্পীর সমন্বয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক শওকত আলী। উদ্বোধনী পরিবেশনায় অংশ নেবে ছায়ানট এবং কণ্ঠশীলন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের হবে শোভাযাত্রা।
বিকেল থেকে পরিবেশনা পর্বের শুরুতেই রয়েছে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সমবেত সংগীত। অভিনেতা আলী যাকেরের স্মারক বক্তৃতা।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। প্রথমে সমবেত সংগীত পরিবেশন করবে উদীচী। এরপর রয়েছে ‘কল্পরেখ’ শীর্ষক শিশুদের পরিবেশনা। স্মৃতিচারণ ও আবৃত্তি করবেন কবি বেলাল চৌধুরী, কবি রফিক আজাদ, আশরাফুল আলম।
সবশেষ পরিবেশনা অচিন পাখি বাউল সমিতির বাউল সংগীত।
