ওয়াক অফ ফেইমে উইন্সলেট
হলিউডের ‘ওয়াক অফ ফেইম’-এ এবার হিসেবে নাম লেখালেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী কেইট উইন্সলেট।
কন্টাক্টমিউজিক জানায়, ১৭ মার্চ উদ্বোধন করা হবে উইন্সলেটের সেই বিশেষ তারকা ফলক। ‘ডব্লিউ হলিউড’ হোটেলের সামনে হলিউড বুলেভারডের রাস্তায় স্থাপন করা হয়েছে ফলকটি।
উদ্বোধনের দিন উইন্সলেটকে সম্মান জানাতে উপস্থিত থাকবেন নির্মাতা জেমস ক্যামেরন এবং ক্যাথি বেটস।
১০ মার্চ ‘ওয়াক অফ ফেইম’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট অ্যানা রামিরেজ।
ওয়েন পত্রিকাকে তিনি বলেন, “আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই স্বপ্নের বুলেভারডে এবার যুক্ত হতে যাচ্ছে কেইট উইন্সলেটের নাম। উইন্সলেটের অভিনয় দেখে আমরা সবাই এতদিন অভিভূত হয়েছি। এখন তার ভক্তরা সবাই অপেক্ষা করছেন সেই বিশেষ দিনটির জন্য, যেদিন তিনি এই ফলকটি উন্মোচন করবেন।”
হলিউডের ‘ওয়াক অফ ফেইম’ হল হলিউড বুলেভারডের একটি রাস্তা, যেখানে খোদাই করে রাখা হয়েছে কালজয়ী সব তারকাদের নাম। বিনোদন শিল্পে অবদান রাখার জন্য এসব শিল্পীদের নাম ওখানে চিরস্থায়ীভাবে লেখা হয়। অভিনেতা থেকে শুরু করে নির্মাতা, গায়ক কিংবা বিনোদনজগতের সঙ্গে যুক্ত সব ধরণের গুরুত্বপূর্ণ শিল্পীর নাম ওখানে লেখা হয়ে থাকে।
১৯৫৮ সাল থেকে প্রচলিত ‘ওয়াক অফ ফেইম’-কে ধরা হয় হলিউডের অন্যতম বিশেষ সম্মাননা হিসেবে। যেখানে রয়েছে চার্লি চ্যাপলিন থেকে শুরু করে ওয়াল্ট ডিজনি, জেমস ক্যামেরন, মাইকেল জ্যাকসন, ক্রিস্টিনা আগুইলেরা, ম্যাট ডেমন, জেনিফার অ্যানিস্টন এমনকি মিকি মাউসের নামও।
নব্বইয়ের দশকের শুরু থেকে হলিউডি সিনেমায় অভিনয় করছেন ব্রিটিশ অভিনেত্রী উইন্সলেট। অস্কারসহ নানা ধরনের সম্মাননা পেলেও ‘ওয়াক অফ ফেইম’-এ এই প্রথম উঠেছে তার নাম।
৩৮ বছর বয়সী উইন্সলেট হলেন একমাত্র অভিনেত্রী, যিনি সবচেয়ে কম বয়সে ছয়বার অস্কারের মনোনয়ন পেয়েছে। তবে অস্কার জিতেছেন একবারই, ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘দ্য রিডার’ সিনেমায় অভিনয় করে।
এছাড়াও উইন্সলেটকে দেওয়া হয়েছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ‘সিবিই’ (কমান্ডার অফ মোস্ট এক্সেলেন্ট ইন ব্রিটিশ এম্পায়ার) পদক।
তবে, বিশ্বব্যাপী যে সিনেমাটির জন্য সবার কাছে জনপ্রিয় উইন্সলেট, সেটি হল ‘টাইটানিক’।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘টাইটানিক’এ ‘রোজ’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জেমস ক্যামেরন পরিচালিত এই সিনেমাটি সে বছর ১৪টি অস্কার মনোনয়ন পেয়েছিল। সেইসঙ্গে বিশ্বজুড়ে সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকার এক নম্বরে এখনও অবস্থান করছে ‘টাইটানিক’।
চলতি বছর মুক্তি পাবে উইন্সলেটের তিনটি সিনেমা। প্রথমেই রয়েছে সাই-ফাই অ্যাডভেঞ্চার ধাঁচের ‘ডাইভারজেন্ট’। এছাড়া আছে ‘এ লিটল কেওস’ এবং ‘দ্য ড্রেসমেকার’।
‘ডাইভারজেন্ট’ মুক্তি পাবে ২১ মার্চ।
