২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব

উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে সোমবার ঢাকায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 03:24 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

আয়োজকরা জানিয়েছেন, সোমবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, সভাপতিত্ব করবেন উইমেন্স ফিল্ম সোসাইটির সভাপতি লায়লুন নাহার একরাম।

উৎসবের মিডিয়া কো-অর্ডিনেটর মশিউর রহমান গ্লিটজকে জানান, উদ্বোধনী দিনে বাংলাদেশের ছয়জন নারী পরিচালককে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা পাবেন কোহিনূর আক্তার সুচন্দা, সামিয়া জামান, আরিফা পারভিন মৌসুমী, নার্গিস আক্তার, শাহনেওয়াজ কাকলী এবং শামীম আক্তার।

উৎসব উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা রেবেকাকে।

তিনদিনের এ আসরে দেশী-বিদেশী ১৬ জন নারী নির্মাতার চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে সম্মাননা প্রাপ্ত পরিচালকদের পাশাপাশি অস্ট্রেলিয়ার জেনি থর্নলে, ইরানের জোহরে জামানি, পৌরান দিরাখসান্দেহ ও মারিয়ম নাজাপি, ভারতের ববি শর্মা বড়ুয়া, জিবা ভাগওয়েগার ও রুহি দীক্ষিত, ইংল্যান্ডের কিম লনিনোট্টো, আফগানিস্তানের সাহরা কারিমি, রয়া সাদাত ও অলকা সাদাত, ইন্দোনেশিয়ার কামিলা আন্দিনি ও সামারিয়া সিমানজুন্তাক, তাইওয়ানের ইয়া থিং সু, ফ্রান্সের অ্যানে জ্যাকুলিন, জাপানের কাজুয়ো মিনামিডে, জর্দানের দারিন জে সাল্লাম, কেনিয়ার এলেনা এলেসিয়া নেগ্রিওল্লি এবং  পোল্যান্ডের মার্থা প্রাসের সিনেমা প্রদর্শিত হবে বলে জানিয়েছেন মশিউর রহমান।

শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ সিনেমার মাধ্যমে শুরু হবে প্রদর্শনী।

এবারের আয়োজনে উৎসবকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে শাহবাগের জাতীয় জাদুঘর ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তন। মঙ্গল ও বুধবার সকাল ১১টা, দুপুর ২টা ও বিকেল ৫টায় উৎসব কেন্দ্রদুটিতে দেশ-বিদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের প্রদর্শনীগুলো সকলের জন্য উম্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।