‘বাজিরাও মাস্তানি’-তে রানভির
বলিউডি পরিচালিত সঞ্জয় লীলা বনসালির বহুল আলোচিত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডি অভিনেতা রানভির সিং। আর সে জন্য তিনি মাথার সব চুলও ফেলে দিবেন বলে জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।
সংবাদমাধ্যমটি জানায়, ১৭২০ সালে মহরাষ্ট্রের চতুর্থ সম্রাট শাহু সামভাজি রাজ ভোসলের প্রধানমন্ত্রী ছিলেন বাজি রাও বাল্লাল দেশমুখ। মারাঠা সাম্রাজ্যকে বিস্তৃত করার পিছনে তার ছিল অনেক অবদান । বাজি রাও এবং তার প্রেমিকা মাস্তানিকে নিয়েই ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছেন বনসালি।
দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসছে তার এই পরিকল্পনা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবে তা নিয়েও জল্পনা-কল্পনার সীমা নেই। বনসালি প্রথমে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার হিটজুটি সালমান খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন।
তবে তা আর হয়ে ওঠেনি। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে বনসালির সদ্যমুক্তিপ্রাপ্ত ‘গোলিও কা রাসলীলা-রাম-লীলা’ সিনেমার অভিনেতা রানভির অভিনয় করবেন বাজিরাও-এর চরিত্রে। আর এ চরিত্রটির খাতিরে মাথার চুল ফেলে দিতে হবে তাকে।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, বাজিরাও চরিত্রে অভিনয় করবেন রানভির। তবে যতক্ষণ না সবকিছু পাকাপাকি হচ্ছে, কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়।”
বাজিরাও চরিত্রটির জন্য এর আগে উঠে এসেছে বলিউডের বেশ কয়েকজন রাঘব বোয়ালের নাম। এদের মধ্যে ছিলেন শাহরুখ খান, অজয় দেবগান এবং হৃত্বিক রোশান। তবে তাদের টপকে সামনে এগিয়ে এসেছেন রানভির।
রানভির এবং দীপিকা জুটির ‘গোলিও কা রাসলীলা: রাম-লীলা’ সিনেমাটি মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করে বক্স অফিসে। ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় আবারও রানভির-দীপিকা জুটিকে দেখা যাবে, এমনটাই আশা করা যাচ্ছে।
যদি সবকিছু ঠিক থাকে তাহলে ১৫ বছরের প্রতীক্ষিত সিনেমাটির শুটিং শুরু হবে ২০১৫ সালে।
