‘টু অ্যান্ড এ হাফ ম্যান’-এ কিউনিস
জনপ্রিয় টিভি শো ‘টু অ্যান্ড এ হাফ ম্যান’-এর একটি এপিসোডে শোটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা অ্যাশটন কুচারের বিপরীতে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন তার প্রেমিকা হলিউডি অভিনেত্রী মিলা কিউনিস।
ব্যাং শোবিজ জানায়, শো-এর একটি পর্বে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন কিউনিস।
ইউএস সিটকমের শো ‘টু অ্যান্ড এ হাফ ম্যান’-এ কিউনিসের উপস্থিতির বিষয়টি ৪ মার্চ নিশ্চিত করেছে সিবিএস। ৩০ বছর বয়সী ওই অভিনেত্রী তার প্রেমিক কুচারের বিপরীতে একটি দৃশ্যে অভিনয় করবেন।
কিউনিসের চরিত্রটির নাম ভিভিয়ান। ভিভিয়ান একজন তরুণ পর্যটক। দৃশ্যটিতে দেখা যাবে সে ওয়ালডনের (কুচার) বাসায় গিয়ে উপস্থিত হবে।
ভিভিয়ানকে দেখেই প্রেমে পড়ে যাবেন ওয়ালডন। তবে সেখানেই শুরু হবে বিপত্তি। কারণ ভিভিয়ানের আসার আগেই ওয়ালডন অন্য একজনকে প্রেম নিবেদন করার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
এর আগে ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত ‘দ্য সেভেন্টিজ শো’ সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন কুচার এবং কিউনিস। ২০১২ সাল থেকে ‘টেড’-খ্যাত ওই অভিনেত্রী ডেট করছেন তার সাবেক সহ-অভিনেতা কুচারকে।
ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগেই আংটি বদল করেছেন ওই হলিউডি জুটি। কারণ সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে শপিং করার সময় তার অনামিকায় একটি হীরের আংটি দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অন্যদিকে কুচার ২০১৩ সালে ইতি টানের তার আট বছরের বিবাহিত জীবনের।
২০০৫ সালে অভিনেত্রী ডেমি মুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কুচার।
একে অপরকে ডেট করলেও বিয়ে নিয়ে কখনও আগ্রহী ছিলেন না কিউনিস। এ বিষয়ে একবার মিলা কিউনিস মন্তব্য করেছিলেন, বিয়ে করতে আগ্রহী নন তিনি। তবে ভবিষ্যতে কি হবে তা এখনই বলতে পারছেন না তিনি।
কিউনিস বলেন, “আমি আমার জীবনের জন্য বিশেষ একজনকে পেতে চাই। তবে বিয়ের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। যাকে ভালোবাসব তার সঙ্গে থাকব কারণ আমি তাকে চাই বিয়ের কয়েকটি কাগজের দায়বদ্ধতার কারণে নয়। তবে যদি মনে হয় বিয়ে করা প্রয়োজন এবং আমি যাকে ভালোবাসি সেও যদি চায় যে আমরা বিয়ে করি, তাহলে অবশ্যই বিয়ে করব।”
কুচারের আগে ২০০২ সালে অভিনেতা ম্যাকলে কালকিনের সঙ্গে ডেট করেছেন কিউনিস। গুজব ছড়িয়েছিল কলকিনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। তবে পরবর্তীতে ওই কথা ভিত্তিহীন প্রমাণিত হয়।
