২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারের সেরা পাঁচ মুহূর্ত

জেনিফার লরেন্সের হোঁচট খাওয়া থেকে শুরু করে এলেন ডিজেনার্সের ‘সেলফি’-- সব মিলিয়ে অস্কার অনুষ্ঠানের সেরা পাঁচ মুহূর্ত তুলে ধরা হল এবারের আয়োজনে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 07:06 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

এক ছবিতে এত তারকা সহজে দেখা যায় না। মেরিল স্ট্রিপ থেকে শুরু করে শ্যানিং ট্যাটাম-- সবাই একসঙ্গে। এমনই এক ‘সেলফি’ টুইট করেছেন উপস্থাপক এলেন ডিজেনেরেস। তারকাখচিত এই সেলফি পোস্ট করার পরপরই যেন ঝড় বয়ে যায় টুইটারজুড়ে। সবচেয়ে বেশি রি-টুইট করা ছবি হিসেবে এখনও ইন্টারনেট মাতাচ্ছে সেই বিখ্যাত সেলফি।

ছবিটি তুলেছেন ব্র্যাডলি কুপার। সঙ্গে মেরিল স্ট্রিপ, শ্যানিং ট্যাটাম, জেনিফার লরেন্স, জুলিয়া রবার্টস, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, জুলিয়া রবার্টস, জেনিফার লরেন্স, জ্যারেড লেটো, কেভিন স্পেসি এবং লুপিতা নিয়নগো।

২. পিৎজা দিয়ে অতিথি আপ্যায়ন

এ রকম ঘটনা বোধহয় অস্কারের ইতিহাসে এই প্রথম। এবারের আসরে আমন্ত্রিত অতিথিদের পিৎজা দিয়ে আপ্যায়ন করেছেন উপস্থাপক এলেন ডিজেনার্স। নিজেদের মধ্যে পিৎজা ভাগাভাগি করেও খেয়েছেন অভিনেতা ব্র্যাড পিট এবং চুইটেল এজিওফর (টুয়েলভ ইয়ারস আ স্লেভ)।

এরপর একটি টুপির মধ্যে সবাইকে কিছু খুচরা পয়সা জমা করতে বলেন ডিজেনার্স। অতিথিদের দেওয়া এই খুচরা পয়সা দিয়ে পিৎজার দাম মিটিয়ে দেন তিনি।

৩. মেরিল স্ট্রিপের নাচ

অস্কারের আসর আরও জমে উঠল, যখন নাচলেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। গায়ক ফ্যারেল উইলিয়ামসের অনুরোধে ‘ডেস্পিকেবল মি’ সিনেমার গান ‘হ্যাপি’র সঙ্গে নেচে দেখিয়েছেন স্ট্রিপ।

৪. ভাগ্যবান তিনজন

প্রথমবারের মতো অস্কারের মনোনয়ন পেয়ে প্রথমেই জয়। এই ভাগ্য সবার কী হয়! এমনই ঘটেছে কেনিয়ান অভিনেত্রী লুপিতা নিয়নগো, জ্যারেড লেটো এবং ম্যাথিউ ম্যাককনাহের সঙ্গে।

‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ সিনেমায় অভিনয় করে হলিউডে পা রাখেন নিয়নগো; আর ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই তিনি জিতেছেন অস্কার। পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার পাওয়ার পর এই আনন্দ উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন নিয়নগো।

‘ডালাস বায়ার্স ক্লাব’এ একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির অভিনয় করে প্রথম অস্কার মনোনয়ন পান জ্যারেড লেটো। বাস্তবধর্মী অভিনয়ের জন্য ট্রফিটি শেষ পর্যন্ত তার হাতেই যায়। একই ঘটনা ঘটেছে তার সহশিল্পী ম্যাককনাহের সঙ্গেও। প্রথমবার মনোনয়ন পেয়েই তিনি জিতে নিয়েছেন ‘সেরা অভিনেতা’র অস্কার।

৫. লরেন্সের হোঁচট খাওয়া এবং ব্লানচেটের পরামর্শ

পায়ের গোড়ালি সমান বল গাউন পরে হাঁটা একটু কঠিন হওয়ারই কথা। আর তাই প্রত্যেক বছর যখন এই গাউনের কারণে জনসম্মুখে হোঁচট খেয়ে পড়েন জেনিফার লরেন্স, তখন তাকে দোষ দেওয়া যায় না!

২০১৩ সালে অস্কারের মঞ্চে উঠতে গিয়ে হোঁচট খেয়েছিলেন তিনি, এবার একই ঘটনা ঘটেছে রেড কার্পেটে হাঁটতে গিয়ে। লাল গাউন পরে লজ্জায় লাল হয়ে যাওয়া লরেন্সকে তখন বাঁচাতে এগিয়ে আসেন অভিনেত্রী কেইট ব্লানচেট। সবার সামনেই লরেন্সকে শিখিয়ে দেন, কীভাবে এই ডিজাইনার গাউন সামলে হাঁটতে হয়।