২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফিকুল ইসলামের গান নিয়ে চার অ্যালবাম

কবি ও গীতিকার ভূঁইয়া সফিকুল ইসলামের লেখা গান নিয়ে সোমবার চারটি অ্যালবাম প্রকাশিত হচ্ছে। এ চারটি অ্যালবাম হল ‘তোমার প্রেমে কাতর আমি’, ‘ওরা ধর্মের কথা বলে’, ‘হে দেশ, আমার গর্ব’  এবং ‘নামো সন্ধ্যা ধীরে’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 05:43 PM

Updated : 25 Apr 2022, 03:51 PM

মিক্সড অ্যালবামগুলোতে গান গেয়েছেন ফেরদৌস আরা, তিমির নন্দী, আবু বকর সিদ্দিক, আরিফ, সুমনা বর্মণ, অনিমা মুক্তি গোমেজ এবং সঞ্জয় রায়।

ভূঁইয়া সফিকুল ইসলামের পাশাপাশি অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন শেখ সাদী খান, সঞ্জয় রায়, সুনীল চন্দ্র দাস এবং বাসু।

সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান  নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

আলোচনা পর্ব শেষে অ্যালবামের গানগুলো গেয়ে শোনাবেন অ্যালবামের শিল্পীরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক ভূঁইয়া সফিকুল ইসলামের কাব্যগ্রন্থ ১১টি। তার লেখা গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে ১০টি। তার অধিকাংশ গানে তিনি নিজেই সুরারোপ করেছেন।