গুপ্তচরের ভূমিকায় মিশু চৌধুরী
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘হৃদয় ছোঁয়ার দিন’ সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মিশু চৌধুরী। মোহাম্মদ সাজ্জাদ পরিচালিত প্রথম সিনেমায় তিনি মুক্তিযোদ্ধাদের গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন বলে গ্লিটজকে জানিয়েছেন।
এ সিনেমাতে মিশু অভিনীত চরিত্রের নাম গুলবাহার।
এতে দেখা যাবে, অভিনেত্রী গুলবাহারের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বেশ সখ্য। সেনাবাহিনীর যে কোনো প্রোগ্রামেই তিনি আমন্ত্রিত হন। মার্চে যুদ্ধ শুরু হলে গুলবাহার বাংলাদেশের হত্যাযজ্ঞে আতঙ্কিত হন। তিনি সিদ্ধান্ত নেন, বাঙালির পক্ষে লড়বেন। তাই পশ্চিম পাকিস্তানে বসেই তিনি মুক্তিযোদ্ধাদের সব গোপন খবর সরবরাহ করতে শুরু করেন। তার খবরে বেশকটি মিশনে সফল হয় মুক্তিযোদ্ধারা। গুলবাহার সিদ্ধান্ত নেন, তিনি বাংলাদেশে গিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গী হয়ে প্রত্যক্ষ লড়াইয়ে অংশ নেবেন। তিনি রওনা হয়ে যান। তবে এ খবর গোপন থাকে না পাকবাহিনীর কাছে। গুলবাহার সীমান্তের কাছাকাছি পৌঁছালে তাকে ব্রাশফায়ারে হত্যা করে পাক সেনারা।
মিশু জানান, ইতোমধ্যে সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং হয়ে গেছে।
মিশু বলেন, “বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এবার আমার লক্ষ্য মূল চরিত্র। আমি সিনেমাতেই থিতু হতে চাই।”
এখন মিশু অভিনয় করছেন শাহিন সুমনের ‘কেউ কথা রাখেনি’, মুস্তাফিজুর রহমান বাবুর ‘কপোতাক্ষের কান্না’, নারগিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ ও প্রশান্ত অধিকারীর ‘হডসনের বন্দুক’ সিনেমাতে।
ক্রিকেট থেকে অভিনয়ে আসা মিশু চৌধুরী বেশকটি টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন অঞ্জন আইচের ‘জলফড়িংয়ের গল্প’ নামের এক নতুন ধারাবাহিকে। এতে তার অভিনীত চরিত্রের নাম আলতা।আরও বেশকয়েকটি নাটকে অভিনয়ের কথা রয়েছে তার।
