শুটিংয়ে ফিরবেন শাহরুখ
দুর্ঘটনায় আহত হবার পর শাহরুখতে তিন সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। আর তাই জানুয়ারির ৩০ তারিখ থেকে আবারও শুটিংয়ে ফিরবেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ২৩ জানুয়ারি ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার শুটিংয়ের সময় মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে শাহরুখের উপর কাচের দরজা ভেঙে পড়ে। হাসপাতালে নেওয়ার ঘণ্টা দুয়েক পরেই ছুটি মেলে তার। তবে পুরোপুরি সেরে ওঠার জন্য বিশ্রাম নিতে বলা হয় শাহরুখকে।
বিষয়টি নিয়ে এক ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, “যত দূর জানা গেছে ৩০ জানুয়ারি আবারও শুটিংয়ে ফিরবেন শাহরুখ। মুম্বাইয়ে সিনেমাটির জন্য বিশাল একটি সেট সাজানো হয়েছে। বিশেষ কিছু দৃশ্য এবং একটি গানের শুটিং হবে সেখানে।”
সূত্রটি আরও জানান, “ডাক্তারদের পরামর্শ অনুযায়ী শাহরুখের বিশ্রাম প্রয়োজন এখন। তবে যত তাড়াতাড়ি সম্ভব শুটিংয়ে ফিরতে চান তিনি।”
হাসপাতাল থেকে মুক্তি পেলেও এখনও পুরেপুরি সুস্থ নন শাহরুখ। আরও কিছু পরীক্ষা করাতে হতে পারে তার। এ বিষয়ে নিজে টুইট করেছিলেন শাহরুখ।
ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখের সঙ্গে আবারও জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। তাছাড়া আরও আছেন অভিষেক বচ্চন, বোমান ইরানি এবং সনু সুদ।
