২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৃষ্টি থামার পর’

‘বৃষ্টি থামার পর’ নাটকে একসঙ্গে অভিনয় করলেন আমিন খান ও নওশীন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সজল আহমেদ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 05:54 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

পরিচালক সজল গ্লিটজকে জানিয়েছেন, এ নাটকে আমিন খান এবং নওশীন অভিনীত চরিত্রের নাম আবীর হাসান ও জয়া চৌধুরী। এ নাটকের ‘কণা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত।

এতে দেখা যাবে, আবীর হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় জয়ার। পূর্ব পরিচয় না থাকলেও অল্পদিনেই তাদের মধ্যে ভালোলাগা তৈরি হয়। দুর্ভাগ্যজনকভাবে, বিয়ের দিনই মারা যান জয়ার বাবা। এ শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তার মা। বিয়ে ভেঙে যায় জয়ার। তখন শুরু হয় জয়ার অন্যজীবন। গ্রামের একটি স্কুলে তিনি শিক্ষকতা শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও জয়াকে খুঁজে পান না আবীর। তখন দৃশ্যপটে হাজির হন কণা। ঘটনা মোড় নেয় অন্যদিকে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

সজল জানান, ‘ভেজা মেঘের স্বপ্নগুলো’ শিরোনামে আরও একটি নাটক নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, আদনান ফারুক হিল্লোল, খায়রুল আলম সবুজ, মিষ্টি জান্নাতসহ আরও অনেকে। এ নাটকে মিম ও হিল্লোল অভিনয় করেছেন ‘অহনা’ এবং ‘আকাশ’ চরিত্রে।

এতে দেখা যাবে, ছোটবেলার দুই বন্ধু আকাশ ও অহনা একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। অথচ তারা জানতে পারে না তারা ছোটবেলার বন্ধু। সহপাঠী আকাশকে একপর্যায়ে ভালোবেসে ফেলে অহনা। কিন্তু অহনা বন্ধুমারফত জানতে পারে আকাশের ভালোবাসার মানুষ ছোটবেলার বন্ধু অহনা। কিন্তু অহনা সহজেই তার পরিচয় প্রকাশ করে না আকাশকে।

নাটকটি ফেব্রুয়ারিতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।