২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংগীতশিল্পী হতে চান আলিয়া

ভালো অভিনেত্রী হতে না পারলে গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে চান আলিয়া ভাট।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 09:03 AM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সম্প্রতি, ইমতিয়াজ আলি পরিচালিত ‘হাইওয়ে’ সিনেমায় একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

‘হাইওয়ে’ সিনেমার একটি গানে কণ্ঠ দিতে আলিয়াকে অনুরোধ করেন ইমতিয়াজ। আর তাতে দারুণ উৎফুল্ল হয়ে ওঠেন ‘স্টুডেন অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ওই অভিনেত্রী।

আলিয়া এ বিষয়ে বলেন, “আমি গায়িকা নই। আমার মনে হয় আমি বাথরুম সিঙ্গার। আর তাই আমাকে যখন গাইতে বলা হল আমি দারুণ আগ্রহী হয়ে উঠি। আমি ভাবলাম, একবার চেষ্টা করতে তো দোষ নেই। এ. আর. রাহমান অনেক ধৈর্য্য নিয়ে আমাকে সাহায্য করেছেন।”

আলিয়া আরও বলেন, “এখন মনে হচ্ছে, আমি যদি ভালো অভিনেত্রী হতে না পারি তবে গায়িকা হতে চাই।”

‘হাইওয়ে’ সিনেমা শুটিংয়ের সময় বিভিন্ন সফরে প্রায়ই আলিয়া এ.আর রাহমানের ‘জিয়া রে জিয়া’ গানটি গুনগুন করতেন। আর তখনই আলিয়ার কণ্ঠ পছন্দ করেন ইমতিয়াজ।

অস্কারজয়ী সংগীত পরিচালক এ. আর. রাহমান আলিয়াকে প্রশিক্ষণ নিতে বলেন। তার মতে দুবছর সঠিক প্রশিক্ষণ নিতে পারলে আলিয়া নিজের অ্যালবাম বের করতে পারবেন।

আলিয়া মনে করেন, অভিনয় এবং গান, দুটিই কঠিন কাজ।

আলিয়া বলেন, “আমি এই নিয়ে মাত্র দুটি সিনেমায় অভিনয় করলাম। আর ‘হাইওয়ে’ সিনেমায় প্রথমবার গান গেয়েছি আমি। আমি মনে করি এই দুটি কাজই কঠিন।”

তিনি আরও বলেন, “রেকর্ডিংয়ের সময় আমি কয়েকবার গুলিয়ে ফেলেছিলাম। কারণ গানের কিছুই জানি না আমি। তবে রাহমান স্যারের সহায়তায় আমি কিছুটা শিখতে পেরেছি।”

‘হাইওয়ে’ সিনেমায় রণবীর হুড়ার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া। সিনেমাটি মুক্তি পাবে ২১ ফেব্রুয়ারি। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার গ্ল্যামারাস আলিয়াকে এই সিনেমায় দেখা যাবে পুরোপুরি ভিন্নরূপে।