ফিটনেসের জন্য বিপাশার ডিভিডি
স্বাস্থ্যসচেতন হিসেবে সুপরিচিত অভিনেত্রী বিপাশা বসু এবার প্রকাশ করছেন নিজের ডিভিডি সিরিজ ‘লাভ ইয়োরসেলফ’-এর তৃতীয় পর্ব।
টাইমস অফ ইন্ডিয়াকে বিপাশা জানান, এবারের ডিভিডির নাম হবে ‘আনলিশ’। এতে শুধুমাত্র ওজন কমানোই থাকবে না একমাত্র লক্ষ্য, বরং কী করে শরীরকে আরও শক্তিশালী করা যায় সেই প্রশিক্ষণও এর মাধ্যমে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এর আগে মুক্তি পেয়েছে ‘ফিট অ্যান্ড ফ্যাবিউলাস’ এবং ‘ব্রেক ফ্রি’ নামে বিপাশার দুটি ফিটনেস ডিভিডি। দুটি ডিভিডিই ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে স্বাস্থ্যসচেতনদের মধ্যে।
এ বিষয়ে বিপাশা বলেন, “সৌভাগ্যক্রমে ওই দুটি ডিভিডি খুবই ভালো ব্যবসা করেছে। এমনকি আমার প্রথম ডিভিডি এখনও বিক্রি হচ্ছে। তিন নম্বর ডিভিডির ক্ষেত্রে আমি চেষ্টা করেছি এমন কিছু করতে, যার ফলে নারী এবং পুরুষ সবাই উপকৃত হয়। আমরা সবাই ভাবি সুস্বাস্থ্য মানেই হল ওজন কমানো। কিন্তু শুধুমাত্র ওজন কমালেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় না। আমি চেয়েছি মানুষ যেন ওজন কমানোর পাশাপাশি নিজেকে শক্তিশালী হিসেবে অনুভব করেন।”
বিপাশা আরও জানান, এই ডিভিডি শুটিংয়ের জন্য নিজের ব্যস্ত শিডিউল থেকে ১৫ দিনের ছুটি নিয়েছিলেন তিনি। এটি সাধারণ মানুষের জন্য কতখানি কার্যকর হবে তা বোঝার জন্য ডিভিডিটি নিজের ব্যায়ামাগারের কয়েকজন সদস্যকে ব্যবহার করতে দেন বিপাশা।
চলতি বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হবে বিপাশার নতুন ফিটনেস ডিভিডি ‘আনলিশ’। বিয়ের এই মৌসুমে দাওয়াত খাবার পর বাড়তি ওজন কমাতে এই ডিভিডি যথেষ্ট সাহায্য করবে সবাইকে, এমনটাই দাবি বিপাশার।
