২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুরবীনের জন্মদিন পালিত

কনসার্টের মাধ্যমে জন্মদিন পালন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:29 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

‘দুরবীন’-এর দশম জন্মদিন উপলক্ষে রাজধানীর রুশ সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন এবং সংগীত সন্ধ্যার আয়োজন করে ব্যান্ডটি ।

বিকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ শহীদুল ইসলাম।

তিনি বলেন, “দুরবীন বিভিন্ন ব্যান্ডের সমন্বয়ে বিশ্বের সবচেয়ে বড় মিক্সড অ্যালবাম হিসেবে স্বীকৃতি পেতে ‘আমাদের ৭১’ অ্যালবাম নিয়ে কাজ করছে। অ্যালবামে থাকছে ৭১টি ব্যান্ডের গান।”

তিনি আরও বলেন, “সবগুলো গান দেশাত্মবোধক। দেশের প্রতি নিজেদের শ্রদ্ধা ও ভক্তির জায়গা থেকে কাজটি হাতে নিয়েছিলাম আমরা। আমাদের জন্মদিনে প্রকাশ করতে চেয়েছিলাম অ্যালবামটি। কিন্তু সার্বিক অবস্থা দেখে অ্যালবামটি আগামী মার্চে প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, “ব্যান্ডের নতুন অ্যালবামের জন্য তিনটি গানের কাজ পুরোপুরি শেষ হয়েছে। আশা করি, সামনের বছরের ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশ করতে পারব।”

বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে একটি গান প্রকাশের ইচ্ছাও প্রকাশ করেন শহীদ।

‘স্বপ্নডানা’ গানের মাধ্যমে সংগীত পরিবেশন শুরু করে ব্যান্ডটি। তাদের জনপ্রিয় গান—‘আমি যারে ভালোবাসি’, ‘অভিমান বড় বেশি’, ‘লাল সবুজ’সহ আরও বেশ কয়েকটি গান পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।