ডিইউএফএসের চলচ্চিত্র প্রদর্শনী
‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ শ্লোগান নিয়ে ১২ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজন করতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম’-এর শততম আসর। এ উপলক্ষে টিএসসিতে দুদিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করবে তারা। এ উৎসবে বিশ্বের ৬টি বিশেষ সিনেমা প্রদর্শিত হবে।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন ডিইউএফএসের সাধারণ সম্পাদক নাবীল আল জাহান।
১২ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে এ উৎসব। উৎসবের প্রথম দিন প্রদর্শিত হবে প্রথম দিন যথাক্রমে লুইস ল্যাটেরিয়েরের ‘নাউ ইউ সি মি’, ফ্রিটজ ল্যাংয়ের ‘এম’, পাভেল চুখরাইয়ের ‘দ্য থিফ’। ১৩ নভেম্বর প্রদর্শিত হবে কিম কি-দুকের ‘ব্যাড গাই’, দীপা মেহতার ‘আর্থ’ এবং মোহসেন মাখমালবাফের ‘কান্দাহার’।
নাবীল গ্লিটজকে বলেন , “ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। সংসদটির বিভিন্ন নিয়মিত কার্যক্রমের মধ্যে অন্যতম ‘ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম’। বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কিন্তু বিরল চলচ্চিত্রগুলো দেশের চলচ্চিত্রকর্মী ও চলচ্চিত্রামোদীদের বড় পর্দায় দেখানোর উদ্দেশ্যেই এই আয়োজন।”
এই আয়োজনের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের কালচারাল অ্যাম্বেসির সঙ্গে যৌথ প্রয়াসে প্রোগ্রামটি করে আসছে। এর আগে সংসদ রাশিয়ান কালচারাল সেন্টার (আরসিসি), জার্মান কালচারাল সেন্টার (গ্যেটে ইন্সটিটিউট), এডওয়ার্ড কেনেডি সেন্টার (ইএমকে), আলিয়াঁস ফ্রঁসেজ, ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার এবং ইরানিয়ান কালচারাল সেন্টারের সঙ্গে এ প্রোগ্রামের আয়োজন করেছিল।
