নতুন সিনেমায় স্যামুয়েল
হলিউডি অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন এবার অভিনয় করবেন লেখক স্টিফেন কিংয়ের হরর উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য সেল’ সিনেমায়।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, স্যামুয়েলের সঙ্গে এই সিনেমায় আরও থাকবেন অভিনেতা জন কুসাক।
‘দ্য সেল’ সিনেমার কাহিনি হবে একটি বিশেষ ভাইরাস নিয়ে, সেলফোনের মাধ্যমে যা মানুষের শরীরে ছড়িয়ে পড়ে আর মানুষকে জীবন্মৃত ‘জম্বি’ বানিয়ে তোলে।
সিনেমায় একজন অবসরপ্রাপ্ত সৈনিক এবং ইঞ্জিনিয়ার টম ম্যাককোর্টের ভূমিকায় অভিনয় করবেন স্যামুয়েল।
ডেডলাইন জানিয়েছে, হরর মুভি ‘প্যারানরমাল একটিভিটি’ সিনেমার পরিচালক টড উইলিয়ামস নির্মাণ করবেন এই সিনেমা। আর ‘দ্য লাস্ট হাউজ অন দ্য লেফট’ সিনেমার চিত্রনাট্যকার অ্যাডাম অ্যালেকার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখবেন স্টিফেন কিং নিজেই।
সিনেমাটি প্রযোজনার দায়িত্ব নিয়েছে ‘বেনারয়া পিকচারস’ এবং ‘দ্য জেনার কোম্পানি’।
‘দ্য সেল’-এর শুটিং শুরু হবে ২০১৪ সালের জানুয়ারিতে।
২০০৬ সালে প্রকাশিত হয় আমেরিকান হরর লেখক স্টিফেন কিংয়ের উপন্যাস ‘দ্য সেল’। এরপর ২০০৭ সাল থেকে অনেকবারই উপন্যাসটির উপর সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি।
এর আগে স্টিফেন কিংয়ের উপন্যাসের উপর নির্মিত আরেকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন স্যামুয়েল জ্যাকসন এবং জন কোসাক। হরর ধাঁচের ওই সিনেমাটির নাম ‘১৪০৮’।
