প্রযোজনায় ওয়েন
হলিউডি অভিনেতা ওয়েন উইলসনকে এবার দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। এফবিআইয়ের সবচেয়ে বড় অপারেশনের কাহিনির উপর নির্মিতব্য একটি টিভি ড্রামা সিরিজ প্রযোজনা করবেন তিনি।
এইসশোবিজ জানিয়েছে, ‘ওয়ান্ডারওয়ার্ল্ড’ নামের এই অনুষ্ঠানে ওয়েনের সঙ্গে কাজ করবেন রেনে ব্যালসার, ফ্রেড বারনার অ্যান্ড রেজিনা লি।
অনুষ্ঠানটির কাহিনি গড়ে উঠবে তখনকার সময়কে ঘিরে, যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগ্যান। ‘রিগ্যান এরা’ নামের ওই সময়টি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে এফবিআইয়ের বড় ধরনের এবং ঝুঁকিপূর্ণ সব অপারেশনে সাফল্য পাওয়ার কারণে।
আশির দশকের এই সময়ে আমেরিকার পর্নো ব্যবসা চলত সন্ত্রাসীদের ইশারায়। আর এমনই সময়ে কিছু সাহসী এফবিআই অফিসার নিজেদের এবং নিজের পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করত। এ রকম কিছু অফিসারের জীবন নিয়ে গড়ে উঠবে ‘ওয়ান্ডারওয়ার্ল্ড’-এর কাহিনি।
আমেরিকার অন্যতম হিট টিভি শো ‘ল অ্যান্ড অর্ডার’-এর চিত্রনাট্যকার রেনে ব্যালসার লিখবেন এই অনুষ্ঠানের চিত্রনাট্য। ওয়েনের সঙ্গে নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন রেনে এবং বারনার। আর প্রধান প্রযোজকের ভূমিকায় থাকবেন লি।
তবে অনুষ্ঠানের জন্য এখনও নির্ধারিত হয়নি কোনো কলাকুশলীর নাম।
