ক্ষমা চাইলেন শাহরুখ
বলিউডি অভিনেতা শাহরুখ খান লাক্স চেন্নাই এক্সপ্রেস কনটেস্ট ইভেন্টে তার ভক্তদের প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করানোর জন্য ক্ষমা চেয়েছেন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, অসুস্থতার কারণে অনুষ্ঠানে পৌঁছাতে দেরি করে ফেলেন শাহরুখ। তিনি বলেন, “দেরি করে আসার কারণে আমি অত্যন্ত দুঃখিত। আমি কিছুটা অসুস্থ ছিলাম। কিছুদিন ধরে জ্বরে ভুগছি আমি। তবে আপনারা যে ধৈর্য্য ধরে আমার জন্য অপেক্ষা করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ।”
অনুষ্ঠানটির সময় ধার্য করা হয়েছিল বিকেল সাড়ে তিনটায়। তবে শাহরুখ সেখানে উপস্থিত হন সন্ধ্যা ছয়টায়। এ বিষয়ে তিনি বলেন, “জ্বরের কারণে রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আর তাই আমার অনুষ্ঠানে আসতে দেরি হয়ে গেছে।”
বর্তমানে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। তবে সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা তিনি একা নন।
সিনেমাটি নিয়ে তিনি বলেন, “শাহরুখ খানের সিনেমা বলতে দর্শকরা যা বোঝেন, তেমনটি নয় ‘হ্যাপি নিউ ইয়ার’। আমার পাশাপাশি অন্য অভিনেতারাও প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিনেমাতে। আর এটিই সিনেমাটির বিশেষত্ব।”
অন্যদিকে ফারহান আখতারের পরবর্তী সিনেমায় একজন গুজরাটি ডনের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ, এমন সংবাদ ছড়িয়েছে টিনসেলে।
এ বিষয়ে তিনি বলেন, “বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে আমি সিনেমাটির চিত্রনাট্য পড়েছি।”
