আঞ্চলিক ভাষায় তিন নাটক
ঈদ উপলক্ষে নির্মাতা প্রতিষ্ঠান ‘দৃক’ নির্মাণ করেছে চারটি নাটক। চার নাটকের মধ্যে তিনটি নির্মিত হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম, রাজশাহীর আঞ্চলিক ভাষায়।
দৃকের ঈদ আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার সৈয়দ ইরফানউল্লাহ্ গ্লিটজকে বলেন, “দৃক সবসময়ই দর্শকদের সুস্থ বিনোদনের কথা ভেবে নাটক নির্মাণ করে। তাই বরাবরের মতো এবারের ঈদেও দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের আঞ্চলিক ভাষার ব্যাপারটি দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।”
নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নির্মিত ‘শিউলিতলার প্রেম’ নাটকটি পরিচালনা করেছেন নরেশ ভূঁইয়া। এতে অভিনয় করেছেন ড. এনামুল হক, হুমায়রা হিমু, রওনক হাসান, মাহবুবা পারভিন। নাটকটি ঈদের দিন রাত সাড়ে দশটায় চ্যানেল নাইনে প্রচারিত হবে।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক ‘তক্ষক’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত ১০.২০ মিনিটে। ফাহমিদা ইরফানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। অভিনয় করেছেন নবাগত হাসান আজাদ ও নাবিলা ইসলাম।
রাজশাহীর আঞ্চলিক ভাষায় হাস্যরসাত্মক নাটক ‘রসকদম’। ফাহমিদা ইরফানের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নুজহাত আলভি। এতে অভিনয় করেছেন বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি, রাশেদ মামুন অপু এবং স্পর্শিয়া। ঈদের ষষ্ঠ দিন রাত ১০.২০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে নাটকটি।
এক চলচ্চিত্র নির্মাতার দিনযাপনের গল্প ও স্বপ্ন নিয়ে নাটক ‘রূপালি আলোর খোঁজে’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। এতে অভিনয় করেছেন নিলয় ও ভাবনা। এটি প্রচারিত হবে বাংলাভিশনে।
