২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার নিয়ে মাইকেলের মিথ্যাচার

কণ্ঠনালীর ক্যান্সারের ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যা বলে স্বীকার করলেন হলিউডি অভিনেতা মাইকেল ডগলাস। অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনের সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে সম্প্রতি এই কথা জানান তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 01:02 AM

Updated : 25 Apr 2022, 07:23 PM

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, আমেরিকান টিভি চ্যানেল আইটিভির অনুষ্ঠান ‘দিস মর্নিং’-এ স্যামুয়েলের সঙ্গে সাক্ষাৎকারে মাইকেল জানান, ক্যারিয়ার বাঁচাতেই মিথ্যার আশ্রয় নিয়েছিলেন তিনি।

মাইকেল আরও বলেন, তার জিহ্বাতে ক্যান্সার হয়েছিল কিন্তু কণ্ঠনালীতে হয়নি।

এ বিষয়ে মাইকেলের ভাষ্য, “তখন আমার ‘ওয়াল স্ট্রিট: মানি নেভার সিøপস’ সিনেমার প্রচারণার জন্য ইউনিটের সঙ্গে একটি লম্বা সফরে যাওয়ার কথা। আমার অসুস্থতার কারণে এই সফর বাতিল করা সম্ভব ছিল না। আমি ভাবলাম ভক্তদের জানিয়ে দেওয়া উচিত যে আমার ক্যান্সার হয়েছে।”

কিন্তু মাইকেল এই খবরটি প্রকাশের আগেই বাধ সাধলেন তার চিকিৎসকরা। তারা পরামর্শ দিলেন, জিহ্বায় ক্যান্সারের কথা না বলে সবাইকে জানানো হোক কণ্ঠনালীর ক্যান্সার হয়েছে মাইকেলের।

মাইকেল বলেন, “আমার চিকিৎসক আমাকে বললেন, সবাইকে জানানো হোক এটি কণ্ঠনালীর ক্যান্সার। আমি জিজ্ঞেস করলাম জিহ্বার ক্যান্সারের খবরটি জানালে সমস্যা কোথায়? তিনি আমাকে জানালেন, জিহ্বায় ক্যান্সারের কারণে আমাকে একটি অস্ত্রোপচার করতে হবে, যার ফলে আমার জিহ্বা এবং চোয়ালের একটি অংশ বাদ দিতে হতে পারে। তাই আমি সবাইকে জানালাম আমার কণ্ঠনালীর ক্যান্সার হয়েছে।”

এরপর প্রায় নয় মাস ধরে ক্যান্সারের জন্য চিকিৎসা চলে মাইকেলের। কিন্তু এরই মধ্যে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকাকে মাইকেল জানিয়েছিলেন, তার কণ্ঠনালীর ক্যান্সারের কারণ হল ওরাল সেক্স। এই খবরের কারণে ওই সময় ব্যাপক আলোচিত এবং সমালোচিত হয়েছিলেন মাইকেল।

‘মেল এ্যাওয়ারনেস উইক’ নামে পুরুষদের জন্য সচেতনতামূলক এই প্রচারণায় মাইকেল আরও জানান, বর্তমানে তিনি পুরোপুরি ক্যান্সারমুক্ত। স্যামুয়েলকে তিনি বলেন, তার ক্যান্সারের ঝুঁকি ছিল শতকরা ৯৫ ভাগ।

পুরুষদের জন্য ক্যান্সার চ্যারিটি ‘ওয়ান ফর দ্য বয়েজ’-এর মুখপাত্র হিসেবে এখন কাজ করছেন মাইকেল।