২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমায় ব্যস্ত শিমলা

ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী শিমলা অভিনয় করছেন কলকাতার একটি সিনেমায়। দীপক স্যানালের ‘সমাধি’ সিনেমায় তিনি অভিনয় করছেন বলিউডি অভিনেতা গোবিন্দর বিপরীতে। গীত সংগীতের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন পিন্টু দাস।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 05:06 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

এ প্রসঙ্গে শিমলা গ্লিটজকে বলেন, “রিয়েলিটি শো ‘সুরদরিয়া’য় পরিচয় হয় কিংবদন্তি শিল্পী বাপ্পী লাহিড়ির সঙ্গে। তিনি দীপকের সিনেমার জন্য আমার নামটি প্রস্তাব করেন। ১৩ জুন থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে। ঈদের পর এ সিনেমার শুটিংয়ের জন্য কলকাতা যাব।”

সম্প্রতি মুক্তি পেয়েছে শিমলা অভিনীত ‘রূপগাওয়াল’ সিনেমাটি। মুক্তির প্রহর গুনছে অনুদানের সিনেমা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এবং অনিমেষ আইচের ‘ না-মানুষ’। চিরাচরিত বাণিজ্যিক ধাঁচের গল্প থেকে বেরিয়ে এসে শিমলা অভিনয় করেছেন ভিন্নচরিত্রে। ‘না-মানুষ’ সিনেমায় শিমলা প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেছেন।

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে শিমলা বলেন, “মূলধারার পাশাপাশি ভিন্নধাঁচের চলচ্চিত্রে কাজ করতে চাই।  সে জন্য চাই ভালো গল্প ও নির্মাতা।”

হালের বাংলা চলচ্চিত্র নিয়ে শিমলা শোনালেন তার ভাবনার কথা। শিমলা জানান, বহির্বিশ্বের তুলনায় বাংলা সিনেমা এখনও পিছিয়ে আছে। তবে এ অবস্থার উন্নতি হচ্ছে। তার মতে, বাংলা সিনেমার এখন রূপালি যুগ চলছে।