সংগীতজ্ঞ সুধীন দাশকে আজীবন সম্মাননা
সংগীতে অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন সংগীতজ্ঞ সুধীন দাশ। ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত ‘সংগীত উৎসব -২০১০’ এ তাকে এ সম্মাননা জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত আয়োজন ‘সংগীত উৎসব’। দ্বিজেন্দ্রলাল রায়ের দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে টিএসসি অডিটরিয়ামে আয়োজিত দুদিনব্যাপি এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন ,“বাংলা গানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জীবনদর্শনকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। এর মাধ্যমে তাঁরা বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারনা লাভ করতে পারবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ ও ‘ফরিদ-শিরিন বৃত্তি’ প্রদান করা হয়। ২০০৭ থেকে ২০১২ শিক্ষা বর্ষের দশজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের জন্য এ দুটি বৃত্তি প্রদান করা হয়।
এরপর দ্বিজেন্দ্রলাল রায় স্মরণে উৎসবের মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।
প্রিয়াংকা গোপের পরিচালনায় উচ্চাঙ্গ সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল উৎসব। এরপর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা দ্বিজেন্দ্রলাল রায়ের বিভিন্ন গান পরিবেশন করেন। প্রথম দিনের উৎসব চলে রাত দশটা পর্যন্ত।
৩ অক্টোবর বিকাল চারটায় শুরু হয় উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস। এদিন বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্র, নজরুল, লোকসংগীত পরিবেশন করে।
পুরো উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের চেয়ারপার্সন শাহনাজ নাসরিন ইলা।
