বাপ্পি-মাহির তবুও ভালোবাসি
বাপ্পি-মাহি জুটি অভিনীত তৃতীয় চলচ্চিত্র ‘তবুও ভালোবাসি’ মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালক মমতাজুর রহমান আকবরের চুয়ান্নতম চলচ্চিত্র।
এ সম্পর্কে বাপ্পি বলেন, “মাহির সঙ্গেই আমার চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয়েছে। শুরু থেকেই আমাদের মধ্যে সহজ, সাবলীল বোঝাপড়া তৈরি হয়ে গেছে। এ জন্য আমরা অনেক স্বাভাবিক এবং জড়তাবিহীন কাজ করতে পারি। এ সিনেমা তুলনামূলকভাবে আরও বেশি ভালো হয়েছে। দর্শকরা সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন।”
মাহি বলেন, “বাপ্পি এবং জাজের কয়েকটি সিনেমায় কাজ করলেও আকবর ভাইয়ের সিনেমায় প্রথম অভিনয় করলাম। নতুন অভিজ্ঞতা হয়েছে। এর লোকেশন, চিত্রনাট্য ও গান খুবই চমৎকার মনে হয়েছে। সবমিলিয়ে সিনেমাটি নির্মল বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।”
মমতাজুর রহমান আকবর ‘তবুও ভালোবাসি’ নিয়ে খুবই আশাবাদী। সিনেমাটির পোস্টার এবং বিভিন্ন হলে চলতে থাকা সিনেমার ট্রেইলার দেখে দর্শক ও হল মালিকের প্রতিক্রিয়ার ভিত্তিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি এ বিষয়ে গ্লিটজকে বলেন, “এরই মধ্যে ৭৫টি হলে সিনেমার জন্য বুকিং হয়ে গেছে। হলগুলোতে সিনেমার ট্রেইলারও চলছে। দর্শক অন্য সিনেমা দেখতে গিয়ে সিনেমাটির প্রমোশনাল দেখে ভালো বলেছেন, এমন খবর দিয়েছেন হল মালিকেরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পোস্টারিং হওয়ার পরে অনেকে সিনেমাটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলেও আমার কাছে খবর আছে। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী।”
আবদুল্লাহ জহীর বাবুর লেখা কাহিনির এই সিনেমাতে আরও অভিনয় করেছেন সুব্রত, অমিত হাসান, মিজু আহমেদ, রেহেনা জলি, গুলশান আরা, সাইফ, পুষ্পি, ববি, দিতি, কিরন পুরী, মনির পারভেজ এবং আইটেম গানে পারফর্ম করেছেন বিপাশা।
সিনেমাটি সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী, নৃত্য পরিচালনায় মাসুম বাবুল, গান লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, আবদুল আজিজ, শফিক তুহিন এবং ফুয়াদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন যৌথভাবে আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফুয়াদ, শওকত আলী ইমন, শফিক তুহিন এবং ইমন সাহা।
