রবার্টের ভয়
তারকাখ্যাতি পেয়েছেন বহু আগেই, তার নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। কিন্তু এখনও রেড কার্পেটে হাঁটতে ভয় পান হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসন।
শোবিজ স্পাই জানিয়েছে, একরাশ ভক্তের সামনে দিয়ে রেড কার্পেটে হেঁটে যেতে এখনও নার্ভাস হয়ে পড়েন ২৭ বছর বয়সী ওই অভিনেতা।
রবার্ট বলেন, “এমন অনুষ্ঠানে যাওয়ার সময় আমি খুব নার্ভাস হয়ে পড়ি। গাড়ি থেকে নেমে রেড কার্পেটে পা দেওয়ার আগ পর্যন্ত আমার খুবই ভয় লাগে, কিন্তু এরপর হঠাৎ করে ভয় কেটে যায়।”
রবার্ট আরও বলেন, “কিন্তু গাড়ি থেকে নামার আগের মুহূর্তগুলোতে বেশ ভীত থাকি আমি।”
‘টোয়াইলাইট’-খ্যাত এই অভিনেতা আরও জানান, সবসময়ই এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন তিনি।
রবার্ট বলেন, “সবসময়ই এক ধরনের ভীতি কাজ করে আমার মধ্যে। আমার ধারণা শুধুমাত্র এই কারণে আমি কখনও অহংকারী হতে পারিনি।”
রবার্ট আরও জানিয়েছেন, শরীরচর্চার ব্যাপারে একেবারেই আগ্রহী নন তিনি। যেখানে হলিউডের বাকি অভিনেতাদের মধ্যে দেখা যায় ব্যাপক স্বাস্থ্য সচেতনতা, সেখানে ব্যায়ামাগারে যেতে একদমই ভালো লাগে না তার।
তিনি বলেন, “আমার কোনো সিক্স প্যাক নেই আর আমি জিমে যেতে একদম পছন্দ করি না। আমি সারাজীবন এমনই ছিলাম। আমি কোনোদিন নিজের কাপড় খুলে শরীর প্রদর্শন করতে চাই না, এর চাইতে মদ খেয়ে মাতাল হওয়া আমার জন্য ভালো!”
