সাফল্যের পথে ‘গ্র্যান্ড মাস্তি’
মুক্তির পর সপ্তাহ না ঘুরতেই বলিউডি বক্স অফিস থেকে ৫৫.১৮ কোটি রুপি তুলে নিয়েছে অ্যাডাল্ট কমেডি ধাঁচের সিনেমা ‘গ্র্যান্ড মাস্তি’।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘রেস টু’র পর এবার বছরের চতুর্থ ব্যবসা সফল সিনেমার স্থানটি দখল করতে চলেছে ‘গ্র্যান্ড মাস্তি’।
বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেন, “১৩ সেপ্টেম্বর মুক্তির পর রোববার পর্যন্ত ‘গ্র্যান্ড মাস্তি’ আয় করে ৪০.১৮ কোটি রুপি। ১৬ এবং ১৭ তারিখে এর ঝুলিতে জমা হয় ৭.৭৫ এবং ৭.২৫ কোটি রুপি। এ পর্যন্ত সিনেমাটি মোট ৫৫.১৮ কোটি রুপি তুলে নিয়েছে বক্স অফিস থেকে। দারুণ সাড়া জাগিয়েছে সিনেমাটি।”
২০০৪ সালের কমেডি সিনেমা ‘মাস্তি’র সিকুয়েল ‘গ্র্যান্ড মাস্তি’ সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। এ সিনেমাতেও তিন বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদসানি।
