বাছাই প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ বিচারকরা
‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতায় দর্শক ভোটের কারণে সম্ভাবনাময় শিল্পী ঝরে যাওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চার বিচারক ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন মাহমুদ।
এ বিষয়ে ফেরদৌসী রহমান বলেন, “ওয়ার্কশপ রাউন্ডে বিচারকরা ছিলাম পুতুলের মতো। চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। দর্শকদের প্রতি সম্মান রেখেই বলছি, শুধু এসএমএস নির্ভর এই একপেশে জাজমেন্ট মোটেই গ্রহণযোগ্য নয়।”
আইয়ুব বাচ্চু বলেন, “সদ্য সমাপ্ত ওয়ার্কশপ রাউন্ডে এসে আমরা চার বিচারক শুধু চেয়ে চেয়ে দেখলাম। কেমন করে অসাধারণ এবং যোগ্য প্রতিযোগীরা দর্শক ভোটের অভাবে ঝরে গেল। বিষয়টি আমাদের সবাইকে কষ্ট দিচ্ছে।”
এমন পরিস্থিতি দেখে অনুষ্ঠানটির আঙ্গিকে কিছুটা পরিবর্তন আনার আভাস দিয়েছে প্রযোজনা সংস্থা ডেল্টা বে প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ, জানিয়েছেন তাদের গণমাধ্যম পরামর্শক আল মাহমুদ মানজুর।
১৭ সেপ্টেম্বর শেষ হয় মিউজিক্যাল রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডলের ওয়ার্কশপ রাউন্ড। ২৪ জন প্রতিযোগীর মধ্য থেকে দর্শক ভোটে চূড়ান্ত হন সেরা ১২ প্রতিযোগী। নির্বাচিত সেরা ১২ প্রতিযোগী হলেন আঁচল, আরিফ, জুয়েল, সৌরিন, পঙ্কজ, তালহা, বৃষ্টি, খোকা, মং, মন্টি, তৃষা ও তুরিন।
