২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৬ সালে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ফাইভ’

ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভক্তদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু সময়। ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পঞ্চম পর্বটির মুক্তির তারিখ এবার পিছিয়ে নেওয়া হয়েছে ২০১৬ সালের গরমের মৌসুমে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 04:21 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, জনি ডেপ এবং তার সঙ্গীদের বড়পর্দায় আরও একবার দেখার জন্য এখন অপেক্ষা করতে হবে ২০১৬ সাল পর্যন্ত। কারণ ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ফাইভ’ সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে প্রায় এক বছর।

হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, ২০১৫ সালের গরমের সময় মুক্তি দেওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শুটিং শেষ করা সম্ভব না হওয়ার কারণে সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের গ্রীষ্মে।

পাইরেটস সিরিজের প্রযোজক জেরি বাকহেইমার স¤প্রতি হলিউড রিপোর্টারকে জানিয়েছেন, চিত্রনাট্য নিয়ে কিছু ঝামেলার কারণে পেছানো হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ।

পাইরেটস সিরিজের এবারের পর্ব ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান টেল নো টেলস’-এ জ্যাক স্প্যারোর ভূমিকায় ফিরবেন জনি ডেপ, কিন্তু জানা যায়নি বাকি কলাকুশলীদের নাম।

পরিচালক জোয়াকিম রনিং এবং এস্পেন স্যান্ডবার্গ সিনেমাটি পরিচালনা করতে রাজি হয়েছেন, তবে চিত্রনাট্যে পরিবর্তন হলে বদলে যেতে পারে পরিচালকের নাম।

এদিকে, পাইরেটস সিরিজের প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি স্টুডিও, এবার তাদের পক্ষ থেকে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করবে এই সিনেমার জন্য। আর হলিউডের বাজারে বর্তমানে সিকুয়েলের কাটতি তেমন একটা ভালো না হলেও পাইরেটস সিরিজ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী প্রযোজক জেরি বাকহেইমার।

জেরি বলেন, “আমরা সবসময় চাই এমন কোনো কাজ করতে যেখানে সবাই অংশগ্রহণ করবে এবং সিনেমাটির বাজেট হবে খুবই ভালো। কিন্তু এমন একটি চিত্রনাট্য খুঁজে পাওয়া খুবই কঠিন যেখানে সবাই মিলে কাজ করতে আগ্রহী হবে।”

আর এবারের সিনেমার ব্যাপারে তিনি জানালেন, মূল কাহিনি তৈরি হয়ে গেলেও চিত্রনাট্য এখনও তৈরি হয়নি।

২৫ কোটি ডলার বাজেটের সিনেমা ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যান টেল নো টেলস’-এর সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদ প্রকাশ করেছেন জেরি।