‘ঝালাক দিখলা যা’তে হৃত্বিক
ডান্স রিয়ালিটি শো ‘ঝালাক দিখলা যা’র চূড়ান্ত পর্বে বলিউডি অভিনেত্রী এবং শোটির বিচারক মাধুরী দীক্ষিত এবং পরিচালক কারান জোহরের সঙ্গে বিচারকের আসনে বসবেন অভিনেতা হৃত্বিক রোশান।
ডিএনএ এ বিষয়ে জানায়, হৃত্বিক এখন তার পরবর্তী সুপারহিরো সিনেমা ‘কৃষ থ্রি’র প্রচারণায় ব্যস্ত। এর আগে ‘জাস্ট ডান্স’ রিয়ালিটি শোর বিচারকের আসনে বসেছিলেন তিনি। অভিনেতা হওয়ার পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে হৃত্বিকের। আর তাই ধারণা করা হচ্ছে, তার উপস্থিতি ‘ঝালাক দিখলা যা’-এর প্রতিযোগীদের কিছুটা হলেও চিন্তায় ফেলবে।
শোটির সেলিব্রিটি প্রতিযোগী ধ্রাস্টি ধামি বলেন, “আমার মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে। আমি দারুণ উত্তেজিত আমার দুশ্চিন্তাও হচ্ছে। আমাদের সামনে বিচারক হিসেবে থাকবেন ভারতের সেরা দুজন ডান্সার। আর হৃত্বিক আমাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করবেন।”
অপর প্রতিযোগী লরেন গোটলিব বলেন, “আমি হৃত্বিকের সামনে নাচতে যাচ্ছি। আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। দারুণ লাগছে।”
চূড়ান্ত পর্বে আগের সিজনের কয়েকজন প্রতিযোগী উপস্থাপনা করবেন। তাদের মধ্যে থাকছেন গুরমিত চৌধুরী, কারান ওয়াহি এবং রাশামি দেশাই।
