২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’

দেশের ৬৪ জেলা থেকে টিভি নাটকে কাজ করতে আগ্রহী নতুন ও মেধাবী অভিনেতা-অভিনেত্রী, গল্পকার-নাট্যকার, নির্মাতা-পরিচালক সংগ্রহের লক্ষ্যে টিভি চ্যানেল এটিএন বাংলার উদ্যোগে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘নাট্যযুদ্ধ’। ২৫ সেপ্টেম্বর থেকে এর কার্যক্রমের জন্য নাম নিবন্ধন শুরু হচ্ছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 05:17 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

দেশের জেলাগুলোকে ১২টি অঞ্চলে ভাগ করে ১২ জন নাট্যনির্মাতার তত্ত্বাবধানে পরিচালিত হবে সামগ্রিক নির্বাচন ও নাটক নির্মাণ কার্যক্রম। এই ১২ জন নির্মাতার মধ্যে ঢাকা অঞ্চলের বিচারক হলেন গাজী রাকায়েত, ফরিদপুরের রুলীন রহমান, কুমিল্লার সকাল আহমেদ, সিলেটের শাকুর মজিদ, রংপুরের দীপংকর দীপন, ময়মনসিংহের এস এ হক অলিক, চট্টগ্রামের দেবাশীষ বড়ুয়া দ্বীপ, খুলনার আশরাফুল আলম রিপন, কুষ্টিয়ার রিপন নবী, রাজশাহীর সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, বগুড়ার আবু সাইয়ীদ, এবং বরিশালের সৈয়দ আওলাদ।

এই বিচারকরা নিজ অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করে সম্ভাব্য অভিনেতা-অভিনেত্রী, গল্পকার-নাট্যকার, নির্মাতা-পরিচালক নির্বাচন করবেন, তাদের প্রশিক্ষণ দেবেন এবং তাদের তত্ত্বাধানে প্রতিযোগিতার জন্য নির্মিত হবে নাটক। দেশের ৬৪টি জেলায় নির্মিত ৬৪টি নাট্যাংশ নিয়ে শুরু হবে নির্বাচনের প্রথম ধাপ।

পর্যায়ক্রমে নির্বাচনী প্রতিযোগিতার মাধ্যমে সর্বমোট ১শ’ নাটক প্রচার করা হবে। একজন প্রধান বিচারক এবং একটি হিডেন জাজ প্যানেল নাট্যযুদ্ধের বিচারকের দায়িত্ব পালন করবেন। ২০১৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সপ্তাহে ২ দিন করে মোট ৫২ পর্বে এটিএন বাংলায় প্রচারিত হবে এই রিয়েলিটি শো নাট্যযুদ্ধ ।

এ উদ্যোগটি নিয়েছে এটিএন বাংলা এবং ব্যাকড্রপ। এ উপলক্ষে সাত সেপ্টেম্বর শনিবার বিকাল চারটায় সোনারগাঁও হোটেলে এটিএন বাংলা ও ব্যাকড্রপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও ব্যাকড্রপের চেয়ারম্যান মনোয়ার পাঠান।

চুক্তিপত্র স্বাক্ষর শেষে রিয়েলিটি শো নাট্যযুদ্ধের বিস্তারিত উপস্থাপন করেন এটিএন বাংলার উপদেষ্টা ও নাট্যযুদ্ধের প্রধান সমন্বয়কারী নওয়াজীশ আলী খান।

টেলিভিশন নাটক নিয়ে এ ধরনের রিয়েলিটি শো দেশে এই প্রথম।