২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পাচ্ছে রূপগাওয়াল

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী নিলয়-শিমলা জুটির প্রথম ছবি ‘রূপগাওয়াল’ মুক্তি পাচ্ছে ১৩ সেপ্টেম্বর। ছবিটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান হাবিব।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 03:03 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

ছবির গল্প সম্পর্কে হাবিব গ্লিটজকে জানান, “রূপগাওয়াল চলচ্চিত্রের কাহিনি গ্রামীণ পটভূমিকার। গ্রামের এক যুবক মুকাই। মুকাই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চায় গ্রামেরই এক তরুণী নিরুতাকে। তাতে বাধ সাধে নিরুতার ভাইয়েরা। তখন নিরুতা জানায় কেবল মন্ত্রবলেই ভাইদের বশ করা যাবে। মুকাই যাত্রা করে কামরূপ কামাক্ষার উদ্দেশে।”

সিনেমায় মুকাই চরিত্রে অভিনয় করেছেন নিলয় আর নিরুতা চরিত্রে শিমলা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চম্পা, মাসুম আজিজ, দেবাশীষ রায়, আনোয়ার শাহী, তোফাজ্জল লিটন প্রমুখ।

পরিচালক হাবিব আরও বলেন, “সিনেমাটি ডিজিটাল ফরম্যাটে মুক্তি দেওয়া হবে। প্রথমে ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও উপজেলার হলগুলোতে মুক্তি পাবে রূপগাওয়াল। তারপর  সিনেমা কেমন ব্যবসা করে তা বুঝে ঢাকার হলগুলোতে মুক্তি দেওয়া হবে।”

চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্ব নিয়েছে পরিচালকের নিজের প্রতিষ্ঠান ‘শিকড় গল্পচিত্র’। মজিবুল হক ভূঁইয়ার চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন শহিদুল হক।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু ও নূর পলাশ। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ।