গার্ডিয়ানস অফ গ্যালাক্সিতে কুপার
সুপারহিরো সিনেমা ‘গার্ডিয়ানস অফ গ্যালাক্সি’তে অভিনয় করার বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছেন হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপার। মারভেলের নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন জেমস গান।
ডিজিটাল স্পাইয়ের খবর অনুযায়ী, মারভেল স্টুডিও একটি বিবৃতিতে জানিয়েছে, গার্ডিয়ানস অফ গ্যালাক্সি সিনেমাতে ‘রকেট রেকুন’-এর চরিত্রে অভিনয় করবেন কুপার।
সিনেমাটিতে আরও থাকবেন ক্রিস প্যাট, ক্যারেন জিলান, গ্লেন ক্লোজ, ডেভ বাতিস্তা, ভ্যান ডিজেল এবং কুপারের সাবেক প্রেমিকা জো সালডানা।
‘গার্ডিয়ানস অফ গ্যালাক্সি’ বর্তমানে চিত্রায়িত হচ্ছে যুক্তরাজ্যের শেপারটন স্টুডিওতে।
সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে পিটার কুইল নামে একজন পাইলটকে ঘিরে। পিটারকে এলিয়েনের একটি দল গঠন করতে হবে, যে দলে থাকবেন গামোরা (সালডানা), ড্রাক্স দ্য ডেস্ট্রয়ার (ডেভ), গ্রুট (ডিজেল) এবং রকেট রেকুন (কুপার)। তারা সবাই মিলে গ্যালাক্সিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন।
গার্ডিয়ানস অফ গ্যালাক্সির পাশাপাশি একটি বায়োপিকে সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের চরিত্রে অভিনয় করার কথা কুপারের। ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এর পরিচালক ডেভিড ও’রাসেলের সঙ্গে নতুন সিনেমা ‘আমেরিকান হাসল’-এ কাজ করবেন কুপার।
‘গার্ডিয়ানস অফ গ্যালাক্সি’ মুক্তি পাবে ২০১৪ সালের অগাস্টে।
