ক্লুনির প্রেমে সেলেনা
এতদিন তিনি প্রেম করেছেন নিজের চেয়ে বয়সে ছোট পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে; এবার জানা গেল, সেলেনা গোমেজ এখন তার চেয়ে বয়সে অনেক বড় অভিনেতা জর্জ ক্লুনির প্রেমে পড়েছেন!
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, বেশ কিছুদিন ধরে সেলেনার মুখে অভিনেতা লোগান লারম্যানের নাম শোনা গেলেও ২১ বছর বয়সী ওই পপতারকা সম্প্রতি জানিয়েছেন, ক্লুনিকেই এখন সবচেয়ে ভালো লাগে তার! ‘পার্সি জ্যাকসন’ সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন লোগান।
এ ব্যাপারে ইঅনলাইনকে সেলেনা বলেন, “আগে আমার ভালো লাগত লোগানকে। কিন্তু এখন আমি প্রেমে পড়েছি ক্লুনিরই।”
ওদিকে সাবেক প্রেমিক জাস্টিন বিবারের কাছ থেকে সেলেনাকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তার বাবা-মা। তারা মনে করেন বাড়ির বেবি সিটার গ্রেসি এলিয়টের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে সেলেনার সঙ্গে তার বন্ধুত্বের অপমান করেছেন তিনি।
