আয়ের শীর্ষে ম্যাডোনা
২০১২ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা সেলিব্রেটি হলেন পপতারকা ম্যাডোনা; ফোর্বস ম্যাগাজিন তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, বছরে সোয়া ১২ কোটি ডলার আয় করে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী তারকার তালিকায় তিনিই এখন অবস্থান করছেন সবার ওপরে।
বিশ্বব্যাপী সাড়ে ৩০ কোটি ডলার আয় করা ম্যাডোনার ‘এমডিএনএ’ ট্যুর এবং নিজের ব্র্যান্ডের সুগন্ধী ও ফ্যাশন হাউজের ব্যবসা থেকে গত বছর ম্যাডোনা ওই পরিমাণ অর্থ আয় করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগ থেকেও তিনি লাভের মুখ দেখেছেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
এ ব্যাপারে ফোর্বস প্রতিবেদক ডরোথি পোমার্যান্টজ্ বলেছেন, “৫৫ বছর বয়সেও ম্যাডোনার এই সাফল্য সংগীতে তার ক্ষমতারই ইঙ্গিত দেয়।”
ফোর্বসের এবারের তালিকার শীর্ষে থাকলেও ম্যাডোনা ভাঙতে পারেননি গতবছরের একনম্বর অপরাহ উইনফ্রের রেকর্ডকে। ২০১১ সালে সাড়ে ১৬ কোটি ডলার আয় করে তিনিই হয়েছিলেন বিশ্বের সর্বাধিক আয়কারী তারকা।
এবারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ; অস্কারে ঝড় তোলা তার সিনেমা ‘লিংকন’ এর সুবাদে বছরব্যাপী তিনি আয় করেছেন ১০ কোটি ডলার। ওদিকে তালিকার দশম স্থানে আছেন লেডি গাগা; ২৭ বছর বয়সী ওই পপতারকার গতবছরের আয় ৮ কোটি ডলার।
