শাহরুখের শুভকামনা
২০১১ সালের হিট সিনেমা ‘সিংঘাম’ এর সিকুয়েল ‘সিংঘাম টু’ মুক্তি পাচ্ছে শীঘ্রই; অজয় দেবগন অভিনীত এবং রোহিত শেঠি পরিচালিত ওই সিনেমার জন্য এবার শুভকামনা জানালেন শাহরুখ খান।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “ইনশাল্লাহ, রোহিতের পরবর্তী সিনেমা ‘সিংঘাম টু’ ‘চেন্নাই এক্সপ্রেস’-এর চেয়েও ভালো ব্যবসা করবে। আমি তার জন্য এমন প্রার্থনাই করব, কারণ, রোহিতের এটি প্রাপ্য।”
দ্রুততম সময়ে বিশ্বব্যাপী তিনশ’ কোটি রুপি আয় করা সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এ প্রথমবারের মতো রোহিত শেঠির সঙ্গে কাজ করেন শাহরুখ। তার মতে, সিনেমাটির সাফল্যের সিংহভাগ কৃতিত্ব রোহিতের। এর জন্য নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ বলেন, “পরিচালকের কাজটা ভীষণ একাকিত্বের। শুধু ধন্যবাদ নয়, তাদের পাশে থাকাটাও আমাদের দায়িত্ব। আর তাই কেবল একজন অভিনেতা হিসেবেই নয়, একজন বন্ধু হিসেবেও আমি তার পাশে আছি।”
‘সিংঘাম’ ছিল অজয় দেবগন অভিনীত প্রথম সিনেমা যা বক্স অফিসে একশ’ কোটি রুপি আয় করে। সিনেমাটিতে বাজিরাও সিংঘাম নামে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন তিনি।
