২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জেনিফার-নিকোলাস

হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্সকে আবার দেখা গেছে সাবেক প্রেমিক নিকোলাস হল্টের বাহুডোরে। তাদের নতুন সিনেমা ‘এক্স-মেন : ডেইজ অফ ফিউচার পাস্ট’-এর কাজ শেষ হওয়ার পর আয়োজিত এক পার্টিতে শনিবার ঘনিষ্ঠভাবে উপস্থিত হয়েছেন সাবেক এই জুটি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 06:27 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

১৭ অগাস্ট রাতে সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর কানাডার মনট্রিলে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়। যেখানে একসঙ্গে উপস্থিত হন জেনিফার এবং নিকোলাস।

এর আগে এক সূত্র জানিয়েছিল, বিচ্ছেদের পরেও নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রেখেছেন জেনিফার এবং নিকোলাস। আর নিজেদের সম্পর্ককে আরও একটি সুযোগ দিতে চান সাবেক এই জুটি।

সূত্রটি জানায়, তারা দুজন এপ্রিলে সিনেমাটির শুটিংয়ে অংশ নেওয়া শুরু করেন। কাজ করার সময় তারা ঘনিষ্ঠ হয়ে পড়েন। তাদের মধ্যে পুরনো অনুভূতি ফিরে আসতে শুরু করে। জেনিফার এখন সবাইকে বলে বেড়াচ্ছেন, তিনি আবার প্রেমে পড়েছেন।

অস্কার বিজয়ী অভিনেত্রী জেনিফার এর আগে জনসম্মুখে স্বীকার করেছিলেন নিকোলাসের জন্য তার অনুভূতির কথা। তিনি বলেছিলেন, “নিকোলাস সত্যিকার অর্থেই আমার সবচেয়ে কাছের বন্ধু। আশা করি আমিও তার সবচেয়ে কাছের বন্ধু। তার সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। সে আমাকে অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি হাসাতে পারে।”

দুই বছর প্রেমের পর চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদ ঘটে জেনিফার এবং নিকোলাসের। আর তাদের সাম্প্রতিক ঘনিষ্ঠতা দেখে অনেকেই ধারণা করছেন আবার প্রেম করছেন এই জুটি।