২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

 ভুতুড়ে বাড়িতে গোয়েন্দারা

গোয়েন্দাগল্প নিয়ে চলচ্চিত্র ‘ভুতুড়ে বাড়িতে গোয়েন্দারা’র শুটিং হয়েছে ১২ ও ১৩ অগাস্ট। এটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মডেল মুস্তাকিম শিমুল।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন রাশেদ শাওন, আপেল মাহমুদ, জিনাত হোসেন যুথী এবং নাসিম সাহনিক। এর কাহিনি ও সংলাপ লিখেছেন রাশেদ শাওন।

এ বিষয়ে নাসিম গ্লিটজকে বলেন, “বিদেশি গল্পের ছায়া অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির প্রি প্রডাকশনের কাজ চলছিল গত বছর থেকে। এমনকি গত বছর ঈদুল ফিতরে কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ফেসবুকে চলচ্চিত্রটির প্রথম টিজার ছাড়া হয়েছিল। দীর্ঘসময় ধরে চিত্রনাট্য, লোকেশন এবং চরিত্র অভিনেতা বাছাই প্রক্রিয়া শেষে এই বছর ঈদের পরপরই চলচ্চিত্রটির শুটিং শুরু হল।”

তিনি আরও বলেন, “একসময় ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘দীপু নাম্বার টু’ চলচ্চিত্র দুটি বেশ সাড়া জাগিয়েছিল কিশোর-কিশোরীসহ তরুণ প্রজন্মের মধ্যে। পরিবার নিয়ে দেখার মতো ছিল চলচ্চিত্র দুটি। সিনেমাটি তৈরিতে এই দুটি চলচ্চিত্র আমাকে প্রেরণা জুগিয়েছে।”

নাসিম জানিয়েছেন, চলচ্চিত্রটি প্রযোজনা করছে ডিজি মোশন পিকচারর্স, টেন অন টেন ইন্টারটেইনমেন্ট এবং মিডিয়া অযান্ত্রিক। এটি নির্মাণ করা হচ্ছে ডিজিটাল মুভি ক্যামেরা সনি এফ থ্রি দিয়ে। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। সেপ্টেম্বর মাসের ১১ তারিখ থেকে গাজীপুর এবং মানিকগঞ্জে চলচ্চিত্রটির পরবর্তী শুটিং হবে।

এদিকে মুস্তাকিম শিমুল বলেন, “এটা আমার অভিনীত প্রথম চলচ্চিত্র। মনোযোগ দিয়ে কাজ করছি। আমি চলচ্চিত্রটির সঙ্গে এই বছর মার্চ মাসে সম্পৃক্ত হয়েছি। ঢাকায় শুটিং করে বেশ ভালো লেগেছে।”