২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু শিশুদের ‘ম্যাজিক কিডস’

শুধু শিশুদের জন্য চ্যানেল আনছে ম্যাজিক টেলিভিশন নেটওয়ার্ক। চ্যানেলটির শিরোনাম ‘ম্যাজিক কিডস’। সম্প্রতি চ্যানেলটির লোগো নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:24 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি ভবিষ্যত পৃথিবীর কারিগর শিশুকিশোরদের মেধা মননকে পরিচর্যা করার তাগিদ থেকে প্রাক সম্প্রচারের প্রস্তুতি পর্যায়ে রয়েছে নতুন চ্যানেলটি।

অনুষ্ঠানে চ্যানেলটি নিয়ে মোস্তাফা মনোয়ার বলেছেন, “বাচ্চাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ চ্যানেল হবে জেনেই অভিভূত হয়েছি। ম্যাজিক কিডস তাদের পুরো সময় শিশুকিশোরদের শিক্ষণীয় নির্মল আনন্দ দেওয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে।”

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “শিশুদের নিয়ে একটি পূর্ণাঙ্গ চ্যানেল হওয়াটা সময়ের দাবি। চ্যানেলওয়ালাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটা সাহসী পদক্ষেপের জন্য। একজন অভিভাবক হিসেবে অসহায়ত্বে ভুগি; আমাদের নতুন প্রজন্মকে যা দেওয়া দরকার, সেখানেই আমাদের ফাঁকি বেশি। আমাদের সকলের ভালোবাসায় পূর্ণতা পাবে ম্যাজিক কিডস।”

কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, “এমন একটা ইচ্ছে আমার দীর্ঘদিনের ছিল। আমার ইচ্ছে পূরণ হল। চ্যানলটির আগামী সুন্দর হোক।”

শিশুসাহিত্যিক আলী ইমাম বলেন, “আমাদের শিশুকিশোরদের জন্য ম্যাজিক কিডস যাত্রা শুরু করতে যাচ্ছে। নতুন প্রজন্মের মেধা মননকে পরিশীলিত করতে ভূমিকা রাখবে চ্যানেলটি।”

ব্যারিস্টার ফজলে নূর তাপস, এমপি চ্যানেলটির কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমাদের শিশুদের জন্য সময়োপযোগী একটি প্রয়াস। ভালোবাসা থাকবে সবসময়।”

ইউনিসেফের কমিউনিকেশন বিশেষজ্ঞ মীরা মিত্র বলেন, “মুক্তবায়ু, আনন্দপূর্ণ শিক্ষা, বিনোদন শিশুদের জন্য জরুরি। আমরা সবাই দায়বদ্ধ, সন্তানদের বেড়ে ওঠার সঠিক পরিবেশ নিশ্চিত করতে। আশা করছি ম্যাজিক কিডস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

দেশে এত স্যাটেলাইট চ্যানেলের ভিড়ে ম্যাজিক কিডস কতটুকু শক্তি নিয়ে দাঁড়াতে পারবে, এমন প্রশ্নে চ্যানেলটির কর্ণধার ফজলুল কবীর তুহিন বলেছেন, “আমরা কোনো রেসকোর্সে নেই। আমাদের গন্তব্য আমরা জানি। আমাদের প্রত্যয় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বলতে পারি, ম্যাজিক কিডস একটি সুন্দর, সুস্থ ও বুদ্ধিদীপ্ত প্রজন্ম নির্মাণে ভূমিকা রাখবে।”