‘হামশাকাল’-এ বিপাশা
বলিউডি পরিচালক সাজিদ খানের পরবর্তী সিনেমা ‘হামশাকাল’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বিপাশা বসু।
এক সূত্রে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, নির্মাতারা অভিনেতা রিতেশ দেশমুখের বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। প্রথমে সোনাল চৌহানের কথা চিন্তা করা হলেও পরবর্তীতে তারা বিপাশাকেই বেছে নেন।
সিনেমায় অভিনেতা সাইফ আলি খান এবং রিতেশ দেশমুখ তিনটি করে চরিত্রে অভিনয় করবেন। সাইফের বিপরীতে থাকছেন দক্ষিণের অভিনেত্রী তামান্না। আর রিতেশের সঙ্গে জুটি বাঁধবেন বিপাশা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
সিনেমায় রিতেশ এবং সাইফের পাশাপাশি বিপাশাও তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করবেন। প্রযোজক বাসু ভাগনানি এবং পরিচালক সাজিদ খানের মতে ওই চরিত্রগুলোর জন্য বিপাশাই সবচেয়ে উপযুক্ত। রিতেশ এবং সাইফ- দুই অভিনেতার সঙ্গেই বিপাশার কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকায় চরিত্রটির জন্য তাকেই নির্বাচন করেছেন নির্মাতারা।
