নতুনভাবে এলআরবির গান
বিভিন্ন সময়ে গাওয়া জনপ্রিয় ১০টি গান এবার নতুন সংগীতায়োজনে গেয়েছে এলআরবি। গানগুলোর শিরোনাম ‘এখন অনেক রাত’, ‘চলো বদলে যাই’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘ঘুমন্ত শহরে’, ‘নীরবে’, ‘বাংলাদেশ’, ‘ফেরারি মন’, ‘মাধবী’, ‘হাসতে দেখো’ এবং ‘রূপালি গিটার’।
ঈদ সামনে রেখেই রবি রেডিওতে গানগুলো প্রকাশ করা হয়েছে।
রবি রেডিওতে গানগুলো শোনার পাশাপাশি এগুলো তৈরির গল্প, প্রেক্ষাপট এবং স্মৃতিকথাও শোনা যাবে। এ প্রজেক্টটি নিয়ে বেশ আশাবাদী এলআরবির ভোকাল ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু।
এ প্রসঙ্গে তিনি বলেন, “নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে গানগুলো নতুন আঙ্গিকে পৌঁছে যাচ্ছে। শ্রোতারা খুব উপভোগ করছেন বলে জেনেছি। তাই আমরাও খুশি।”
আইয়ুব বাচ্চু আরও জানান, নতুন সংগীতায়োজনে সাজানো এ গানগুলো কোথাও থেকে ডাউনলোড করার সুযোগ নেই। গানগুলো শুনতে হলে রবি রেডিওতে ডায়াল করতে হবে। গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।
