২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্য এক্সপ্যান্ডেবলস থ্রি’তে গিবসন ও ব্যান্ডারাস

সিলভেস্টার স্ট্যালন অভিনীত অ্যাকশন মুভি ‘দ্য এক্সপ্যান্ডেবলস থ্রি’তে এবার হ্যারিসন ফোর্ডের সঙ্গে আরও অভিনয় করবেন হলিউডি অভিনেতা মেল গিবসন এবং অ্যান্টনিও ব্যান্ডারাস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 05:30 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

সিনেমাটিতে গিবসন থাকবেন স্ট্যালনের শত্রুর ভূমিকায়। সিনেমার অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ব্যান্ডারাসকেও।

ব্যান্ডারাসের প্রতিনিধি জানিয়েছেন, এর আগে ‘অ্যাসাসিন’ সিনেমায় একসঙ্গে বেশ ভালোভাবেই কাজ করেছেন ব্যান্ডারাস এবং স্ট্যালন। আর তাই এবারের এই সিনেমাতেও তিনি খুশিমনে কাজের আগ্রহ দেখিয়েছেন।

প্যাট্রিক হাগেসের পরিচালনায় ‘দ্য এক্সপ্যান্ডেবলস’ সিরিজের এবারের পর্বে দেখা যাবে নতুন প্রজন্মের অ্যাকশন হিরোর দলের সঙ্গে পুরনো প্রজন্মের লড়াই।

এদিকে ‘দ্য এক্সপ্যান্ডেবলস’ সিরিজের পূর্ববর্তী দুটি সিনেমায় অভিনেতা ব্রুস উইলিস কাজ করলেও এবার তার স্থানটি নিয়েছেন হ্যারিসন ফোর্ড। কারণ হিসেবে জানা গেছে, সিনেমাতে প্রতিদিনের শুটিংয়ের বিনিময়ে ১০ লাখ ডলার চেয়েছিলেন ব্রুস। তার এই দাবিকে অযৌক্তিক মনে হওয়ায় সিরিজ থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রযোজকরা। 

হলিউড রিপোর্টার জানিয়েছে, বুলগেরিয়াতে চারদিনের শুটিংয়ের জন্য ব্রুসকে ৩০ লাখ ডলার পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেন স্ট্যালন। কিন্তু স্ট্যালনের কাছে আরও ১০ লাখ ডলার বেশি দাবি করেন ৫৮ বছর বয়সী ওই অভিনেতা। 

অতিরিক্ত পারিশ্রমিক হেঁকে বসায় ৭২ ঘণ্টার মধ্যে ব্রুসকে সরিয়ে তার স্থানটি হ্যারিসন ফোর্ডকে দিয়ে দেন স্ট্যালন। এর জন্য ব্রুসের উপর ক্ষুব্ধ হয়ে টুইটারে ব্রুসকে ‘লোভী’ এবং ‘অলস’ অভিহিত করেন স্ট্যালন।

সিনেমাটির প্রোডাকশনের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ব্রুস বলেছিলেন তাকে মোট ৪০ লাখ ডলার না দেওয়া হলে তিনি সিনেমাটিতে কাজ করবেন না। প্রতি এক দিনের জন্য ১০ লাখ ডলার দেওয়ার এই প্রস্তাবে স্ট্যালন এবং সংশ্লিষ্ট কেউই রাজি হননি।

সূত্রটি আরও জানায়, ব্রুস বোধহয় একটু বিস্মিত হয়েছিলেন, যখন তিনি দেখলেন মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তাকে সরিয়ে তার স্থানে হ্যারিসনকে নিয়ে নেন স্ট্যালন। স্ট্যালন মনে করেন, হ্যারিসন ব্রুসের চেয়ে ভালো অভিনেতা, ভালো মনের মানুষ এবং সিনেমাটির জন্য নতুন একটি মুখ।

সিনেমাটির বাকি কলাকুশলীর নাম এখনও নিশ্চিত করে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এবারের পর্বে স্ট্যালনের সঙ্গে থাকবেন জেসন স্টাথাম, জ্যাকি চ্যান, মিলা জাভোভিচ, জেট লি এবং উইজলি স্নাইপসের মতো অ্যাকশন শিল্পি।

২০১৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাবে ‘দ্য এক্সপ্যান্ডেবলস থ্রি’।  খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।