ঈদে নোবেলের গান
ঈদের অনুষ্ঠানে গান করেছেন নোবেল
‘তারার গান’ নামে ঈদের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য গান করলেন নোবেল।
এ বিষয়ে নোবেল বলেন, “দীর্ঘদিন পর মাইক্রোফোন হাতে গান করেছি। আমার প্রিয় একটি গান ‘মন কী যে চায় বলো’ নতুন সংগীতায়োজনে গেয়েছি। আশা করছি আমার গাওয়া গান দর্শকদের ভালো লাগবে।”
কবির বকুলের পরিকল্পনা, রুম্মান রশীদ খানের গ্রন্থনা এবং এস এম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘তারার গান’ অনুষ্ঠানে আরও গান করেছেন তারিন, ঈশিতা, ফজলুর রহমান বাবু এবং অপূর্ব।
এ বিষয়ে রুম্মান বলেন, “তারিন এবং ফজলুর রহমান বাবু তাদের নিজেদের অ্যালবামের গান করেছেন, তবে ঈশিতা এবং অপূর্ব একটি নতুন গান করেছেন। প্রায় ছয় বছর পর এ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপকের আসনে বসেছেন কণা। অভিনয়শিল্পীদের অনুরোধে কণা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি গানও করেছেন।”
অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
