২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান নিয়ে বিপাকে ‘ভাগ মিলখা ভাগ’

‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার ‘হাভান কারেঙ্গে’ গানটির বিরুদ্ধে অভিযোগ করেছে হিন্দুদের একটি ধর্মীয় সংস্থা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 04:14 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

ভারতের একটি হিন্দু ধর্মীয় সংগঠন ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার গান ‘হাভান কারেঙ্গে’-এর বিরুদ্ধে অভিযোগ এনেছে। ‘হাভান’ হিন্দুধর্মের একটি পবিত্র শব্দ। ‘হিন্দু জনজাগ্রুতি সমিতি’ (এইচজেএস) নামের ওই সংগঠনের অভিযোগ, গানটিতে ওই শব্দের ব্যবহার একে কলঙ্কিত করেছে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

সিনেমাটির বিরুদ্ধে অভিযোগপত্র মুখ্যমন্ত্রী মনোহর পারিকারের কাছে সম্প্রতি পেশ করা হয়। আর সেখানে ‘হাভান কারেঙ্গে’ গানটি সিনেমা থেকে বাদ দেওয়ার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে গোয়া ও দিল্লিসহ বেশ কয়েকটি শহরে সিনেমাটি করমুক্ত ব্যবসায়ের অনুমতি পেয়েছে তিন মাসের জন্য। এ বিষয়কেও ভালো চোখে দেখছেন না এইচজেএসের কর্তাব্যক্তিরা।

এ বিষয়ে সংগঠনটির তরফ থেকে জানানো হয়, ওই গানটি দিয়ে সিনেমার প্রচারের অনুমতি দেওয়ার মধ্য দিয়ে সরকার হিন্দুধর্মের মানহানি করার সুযোগ করে দিয়েছে।