২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে ‘ডেসপিকেবল মি ২’

‘লোন রেঞ্জার’কে হারিয়ে বক্স অফিস শীর্ষে ‘ডেসপিকেবল মি ২’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 11:16 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

অ্যানিমেশন সিনেমা ‘ডেসপিকেবল মি ২’ মুক্তির পর থেকে উত্তর আমেরিকার বক্স অফিস তালিকায় শীর্ষে রয়েছে। পিছিয়ে পড়েছে জনি ডেপের সিনেমা ‘লোন রেঞ্জার’। খবর জানিয়েছে কন্টাক্টমিউজিক।

মুক্তির পর প্রথম সপ্তাহ শেষে ৮ কোটি ২৫ লাখ ডলার আয় করেছে থ্রিডি সিনেমা ‘ডেসপিকেবল মি ২’। এদিকে জনি ডেপ অভিনীত ডিজনির সিনেমা ‘লোন রেঞ্জার’-এর এখন পর্যন্ত আয়ের পরিমাণ ২ কোটি ৯৫ লাখ ডলার।

২০১০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ডেসপিকেবল মি’-এর সিকুয়েল ‘ডেসপিকেবল মি ২’ ৪ জুলাই মুক্তি পাওয়া সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায়  দ্বিতীয় স্থান লাভ করেছে। ৪ জুলাই সিনেমাটির বক্স অফিস আয়ের পরিমাণ ২ কোটি ৪৫ লাখ ডলার। আমেরিকার স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এর আগে ২০০৭ সালে ‘ট্রান্সফরমারস’ একদিনে আয় করেছিল ২ কোটি ৯১ লাখ ডলার।    

হলিউড রিপোর্টার জানিয়েছে, এদিকে ২৫ কোটি ডলারে তৈরি সিনেমা ‘লোন রেঞ্জার’ এবার ডিজনির জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।

গোর ভেরবিন্সকি পরিচালিত সিনেমা ‘লোন রেঞ্জার’ এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় থাকলেও আশানুরূপ ফল পায়নি এখনও। বিশেষ করে সিনেমাটিতে জনি ডেপের উপস্থিতিও দর্শককে সেভাবে আকৃষ্ট করতে পারেনি।