শিল্পীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ
শিল্পীদের অসম্মান করার অভিযোগ বিটিভি শিল্পী সংস্থার ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শেখ জমির উদ্দিনের সঙ্গে অসদাচরণের অভিযোগ করেছে বিটিভি শিল্পী সংস্থা। বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থার প্রেসিডিয়াম সদস্য মনোরঞ্জন ঘোষাল ৩০ জুন এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২২০ ওয়ার্ডের সামনের বারান্দায় শুয়ে থেকেও চিকিৎসা পাননি শিল্পী শেখ জমির উদ্দিন, উল্টো তার সঙ্গে অসদাচরণ করা হয়েছে।
শিল্পী শেখ জমির উদ্দিন ও তবলাবাদক মদন গোপাল দাশের চিকিৎসার্থে সাহায্যের আবেদন জানানোর জন্য বিটিভি শিল্পী সংস্থার আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
৩০ জুন রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নিচতলায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে মূলবক্তব্য উপস্থাপন করেন সংস্থার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার। সভাপতিত্ব করেন সংস্থার কার্যকরী সভাপতি খায়রুল আলম সবুজ।
খায়রুল আলম সবুজ বলেন, “আমরা আছি এটা জানান দেওয়ার জন্য এই আয়োজন করেছি। এখানে শেখ জমির উদ্দিন উপলক্ষ মাত্র। তার সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে, এটা যেন আর কারও সঙ্গে না করা হয়। তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই দেশে শিল্পীদের অসম্মান করা হয় সবসময়। গত ৪২ বছরে তাদের সম্মান নিয়ে যে কথা কেউ বলেননি আমরা তা বলতে চাই। আমরা সবে শুরু করেছি।”
শেখ সাদী খান বলেন, “শিল্পীদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্দিষ্ট করা হোক। যাতে আমাদের বিনা চিকিৎসায় মরতে না হয়।”
মোহাম্মদ আবদুল জব্বার বলেন, “সিনিয়র শিল্পীদের এখন আর কোনো অনুষ্ঠানে কোনো চ্যানেল ডাকে না। অথচ আমাদের গাওয়া গান নিয়ে বহু প্রতিষ্ঠান কোটি কোটি টাকার ব্যবসা করছে। আর আমরা বিনা চিকিৎসায়, ক্ষুধা-দারিদ্র্য নিয়ে ধুকে ধুকে মরছি।”
আরও বক্তব্য রাখেন শিল্পী রফিকুল আলম, বুলবুল মহলানবীশ, তিমির নন্দী, নজরুল ইসলাম, ইফ্ফাত আরা নার্গিস, এস এম মহসিন, আসলাম শিহির, হাসান মতিউর রহমান, বদরুন্নেসা ডালিয়া প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও দেশের বিত্তবানদের কাছে শেখ জমির উদ্দিন, তবলাবাদক মদন গোপাল দাস এবং বিপুল ভট্টাচার্যের চিকিৎসার সুব্যবস্থার জন্য সহযোগিতা কামনা করেন।
