২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদল রহমান স্মরণে

বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটি ১১ জুন মঙ্গলবার প্রয়াত চলচ্চিত্রকার বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে একাডেমির সেমিনার হলে। এতে তারেক মাসুদের চলচ্চিত্র নিয়ে বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রসূন রহমান নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ফেরা’ প্রদর্শিত হবে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 01:20 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

এ বিষয়ে প্রসূন রহমান গ্লিটজকে বলেন, “১১ জুন বাদল রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। মুভিয়ানা ফিল্ম সোসাইটি গত বছর থেকে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’-র প্রবর্তন করেছে। এ বছর বক্তৃতা করবেন চলচ্চিত্র গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। এবারের ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র বিষয় ‘তারেক মাসুদের ভাবনা : মাটির ময়না এবং রানওয়ে চলচ্চিত্রের বিশ্লেষণ’।”

প্রসূন আরও জানান, আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, চলচ্চিত্র গবেষক ও লেখক ড. সাজেদুল আউয়াল, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু এবং আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ মুন্নি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন ও আলোচনা সঞ্চালন করবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বক্তৃতার আগে বিকাল ৪টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে বাদল রহমানের জীবন নিয়ে বেলায়াত হোসেন মামুন এবং সাইফুল ইসলাম জার্নাল নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘পথিকৃৎ’। বক্তৃতার পর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তারেক মাসুদের উপর প্রসূন রহমান নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘ফেরা’।