২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ইপিজেডে ‘ইত্যাদি’

সাভার ইপিজেড থেকে ধারণকৃত এবারের ‘ইত্যাদি’ প্রচার হবে শুক্রবার।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 12:58 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

১৭ মে ঢাকার সাভার ইপিজেডে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’। ফাগুন অডিও ভিশন থেকে বলা হয়েছে, ধারণকৃত পর্বটি প্রচার হবে ৩১ মে শুক্রবার।

ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের পর্বে রয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর রক্তদাতা আশীষ কান্তি মুহুরীর উপর একটি মানবিক প্রতিবেদন। রয়েছে কীটনাশকের বিকল্প নিয়ে একটি সময়োপযোগী প্রতিবেদন। দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোতে মালিক-শ্রমিকদের মধ্যে চমৎকার সম্পর্ক এবং এখানে উৎপাদিত বিভিন্ন পণ্যের উপর রয়েছে একটি সচিত্র প্রতিবেদন। নতুন পন্থা, ভাড়াটিয়ার সমস্যা, টিভি চ্যানেল চেনা, মূল্যহীন তারকার দাম বাড়ানোর প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ।

রয়েছে দুটি গান। শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের অংশগ্রহণে দেশাত্মবোধক একটি গান। কণ্ঠও দিয়েছেন শ্রমজীবী শিল্পীরা। আর একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও সুবীর নন্দী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।

নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে ও নানি-নাতি। রয়েছে সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু মজাদার ও ক্ষুরধার নাট্যাংশ। এবারেও রয়েছে দর্শকদের প্রশ্নোত্তর পর্ব।

বরাবরের মতো অনুষ্ঠানটির শিল্প নির্দেশনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মামুন।

৩১ মে, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর ‘ইত্যাদি’র এবারের পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।