২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে জোলির পোর্ট্রেট

অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো নিলামে উঠেছে আঞ্জেলিনা জোলির বিবসনা পোর্ট্রেট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 12:31 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

হলিউডি তারকা অ্যাঞ্জেলিনা জোলির দুটি স্তন অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর প্রথমবারের মতো তার একটি বিবসনা পোর্ট্রেট প্রকাশিত হয়েছে। সুইডিশ চিত্রকর জোহান অ্যান্ডারসনের আঁকা এই ছবিটি এবার নিলামে উঠবে বলে জানা গেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

‘নিউইয়র্ক ডেইলি নিউজ’ জানিয়েছে, জোহান অ্যান্ডারসনের তৈলচিত্রটির দাম ধরা হয়েছে ২২ হাজার ডলার।

জানা গেছে, নিলাম থেকে সংগৃহীত অর্থ দান করা হবে আফ্রিকার কঙ্গোতে অবস্থিত একটি জনকল্যাণমূলক সংস্থাকে।

এ বিষয়ে জোহান বলেন, “আমার যখন ১৫ বছর বয়স তখন মা স্তন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছিলেন। অ্যাঞ্জেলিনা জোলির খবরটি শুনে আমার নিজের ভেতর এক ধরনের ভয় কাজ করেছে যা আমাকে এই ছবিটি আঁকতে প্রেরণা দিয়েছে।”

তিনি আরও বলেন, “জোলির চেহারার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এক অদ্ভুত রকমের অগোছালো ভাব আছে, যা আমি তুলে ধরার চেষ্টা করেছি।”  

সুইডিশ চিত্রকর জোহান অ্যান্ডারসন এর আগে প্রয়াত গায়িকা এমি ওয়াইনহাউজের একটি পোর্ট্রেট এঁকেছিলেন।