কে হতে চায় কোটিপতি
দ্বিতীয়বারের মতো আসছে ‘কে হতে চায় কোটিপতি’
রিয়েলিটি শো ‘কে হতে চায় কোটিপতি’-র দ্বিতীয় মৌসুমের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে এর প্রযোজক ও নির্মাতা প্রতিষ্ঠান ডেলটা বে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসাইন মুকুল বলেন, “আশা করছি এক-দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে আপনাদের পুরো বিষয়টি জানাতে পারব। সে লক্ষ্যেই আমরা এগুচ্ছি। এ মুহূর্তে এর বেশি কিছু বলতে চাই না। কারণ প্রথম সিজনের চেয়ে অনেক বেশি চমক নিয়ে পুরো আয়োজনটি সাজানোর পরিকল্পনা চলছে।’’
বিশ্বব্যাপী মেধা প্রতিযোগিতার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নিয়ার’-এর যাত্রা শুরু হয় ইংল্যান্ডে। ১৯৯৮ সালে সনি পিকচার্স টেলিভিশন-এর ব্যানারে এটি নির্মিত ও সম্প্রচারিত হয়। এরপর অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশসহ বিশ্বের ১২২টি দেশে নির্মিত ও সম্প্রচারিত হয়েছে।
‘হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নিয়ার’-এর বাংলাদেশি ভার্সন ‘কে হতে চায় কোটিপতি’র প্রথম মৌসুম সম্প্রচার হয় দেশ টিভিতে। উপস্থাপক ছিলেন আসাদুজ্জামান নূর। একসঙ্গে কোটি টাকা জিততে না পারলেও সাধারণ মেধাবী প্রতিযোগীরা ওই অনুষ্ঠানে অংশ নিয়ে জিতে নিয়েছেন অর্ধকোটি টাকা পর্যন্ত। এবার সেটি কোটি টাকা ছোঁবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা বে।
