২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি

জোতির্বিদ্যার নান্দনিক ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ অ্যাস্ট্রনমিক্যাল অ্যাসোসিয়েশন। এ আয়োজনে সঙ্গী হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 08:16 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোতির্বিদ্যার নান্দনিক ঘটনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ অ্যাস্ট্রনমিক্যাল অ্যাসোসিয়েশন। এ আয়োজনে সঙ্গী হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সারাদেশে ২৪টি ক্যাম্প স্থাপন করে গ্রহণ পর্যবেক্ষণ করার এই উদ্যোগে স্থানীয় বিভিন্ন সংগঠন সহায়তা করছে। অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন মূল পর্যবেক্ষণ কেন্দ্র হবে পঞ্চগড়ের তেঁতুলিয়ার চা বাগানে। মঙ্গলবার সকালেই ক্যাম্প স্থাপন করা হবে। দিনব্যাপী চলবে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে সূর্যগ্রহণ বিষয়ক কর্মশালা, ছোটদের বিজ্ঞান উৎসব ও সূর্য নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতা। ঘূড়ি উড়ানো ও প্রদর্শনী, জোতির্বিজ্ঞান বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, টেলিস্কোপে রাতের আকাশ পর্যবেক্ষণ, ফানুস উড়ানো ও গানের আসর। এছাড়া রাজধানীর ধানমণ্ডি খেলারমাঠ, নটরডেম কলেজ ও মিরপুর ১২ শহররক্ষা বাঁধে পর্যবেক্ষণ ক্যাম্প থাকবে। যৌথ আয়োজনে থাকবে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, নটরডেম কলেজ ভূগোল বিভাগ ও আমাদের পাঠশালা। চট্টগ্রামের কোর্ট বিল্ডিং চত্বর, যশোরের টাউন হল ময়দান, ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ, গাইবান্ধা সরকারি কলেজ, কুয়াকাটা সমুদ্র সৈকত, সেন্টমার্টিন সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত, নিঝুম দ্বীপ সমুদ্র সৈকত, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তী, বান্দরবানের হিল সাইট রিসোর্ট, পঞ্চগড় স্টেডিয়াম, নারায়ণগঞ্জ শহীদ মিনার, খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ, রাজশাহী পদ্মার পাড়, খুলনা কুয়েট খেলার মাঠ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, নেত্রকোনা সোমেশ্বরী নদীর পাড়, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ মাঠেও পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন করবে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এছাড়াও বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পঞ্চগড় স্টেডিয়াম থেকে পূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করবে। রাজধানীর পরিসংখ্যান ভবনের সামনের রাস্তায়ও গ্রহণ দেখার ব্যবস্থা করা হবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকেল অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও, পঞ্চগড় ও তেঁতুলিয়া থেকে গ্রহণ পর্যবেক্ষণ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এমআই/১৪০০ ঘ.