ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসক্রীম কোম্পানী ঈগলু এবং শেরাটন হোটেল যৌথভাবে চার দিনব্যাপী এক আইসক্রীম উৎসবের আয়োজন করতে যাচ্ছে। এটি তাদের আয়োজনে এ ধরণের দ্বিতীয় উৎসব।
বাজারে নতুন বিভিন্ন ধরণের আইসক্রীমের সম্ভার নিয়ে এই উৎসবের আয়োজন করা হবে।
মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঈগলুর উৎপাদনকারী আব্দুল মোনেম গ্র"পের ব্র্যান্ড ব্যবস্থাপক ইব্রাহিম খলিল নায়েম জানান, ১৪ মে সকাল দশটা থেকে শেরাটন হোটেলের ইস্ট উইং লবিতে শুরু হবে। উৎসব। তা চলবে রাত আটটা পর্যন্ত। উৎসব ১৭ মে পর্যন্ত চলবে এ উৎসব।
ইব্রাহিম খলিল বলেন, শিশুদের আকৃষ্ট করবে এমন বিভিন্ন স্বাদের মজাদার আইসক্রীম উৎসবে থাকবে। জনপ্রতি ৩০০ টাকার কুপন কেটে প্রবেশ করলে সারাদিন আইসক্রীম খাওয়া যাবে। উৎসবে থাকবে বিশেষ স্বাদের কুলফি দরবারি, সুইস ভ্যানিলা ক্রাঞ্চ প্রভৃতি।
উৎসবের চারদিন প্রতিদিন কুইজ প্রতিযোগিতার সেরা তিনজনকে লটারি করে পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে সপরিবারে শেরাটন হোটেলে একরাত থাকার ব্যবস্থা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ঈগলুর যে কোনো পার্লারে বসে খাবার জন্য কুপন এবং তৃতীয় পুরস্কার শেরাটনে বুফে খাবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরাটনের জেনারেল ম্যানেজার ট্রেভর রবার্ট ম্যাকডোনাল্ড, ফুড অ্যান্ড বেভারেজের সহকারী পরিচালক দীপু চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩৫৬ঘ.
bdnews24