ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অভ্যাস পরিবর্তন না করলে অচিরেই তলিয়ে যেতে হবে পানির নিচে। হয় অভ্যাস পরিবর্তন করুন, নয়তো প্রস্তুতি নিন পানির নিচে বেঁচে থাকার।' বুধবার 'বিশ্ব ধরিত্রী দিবস' উপলক্ষে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করতে নগরীতে এক অভিনব প্রচারণার আয়োজন করে বিশ্বখ্যাত চেইন রেস্তোরাঁ পিৎজা হাট ও কেএফসি।
দিবসটি উপলক্ষে ট্রান্সকম ফুডস লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। এ কারণে বেড়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বাংলাদেশের মতো সমুদ্র-উপকূলবর্তী দেশগুলো এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশ বিজ্ঞানীদের মতে আগামী ২০৫০ সালের মধ্যে সুন্দরবনের অধিকাংশ অঞ্চলসহ বাংলাদেশের তিন ভাগের দুই ভাগই তলিয়ে যাবে পানির নিচে।
এ উপলক্ষে দেশের ছয়জন বিশিষ্ট সাঁতারু সাঁতারের পোশাক ও পানির নীচে বেঁচে থাকার সরঞ্জামে সজ্জিত হয়ে দিনভর রাজধানীর কেএফসি ও পিৎজা হাটের বিভিন্ন শাখায় এ প্রচারণায় অংশ নেন। তারা ১০টি অভ্যাস পরিবর্তনের জন্য মানুষের মাঝে বুকলেট বিতরণ করেন।
অভ্যাসগুলো মধ্যে গাড়ি, এসি, ফ্রিজ ও বৈদ্যুতিক সরঞ্জাম এবং পুনঃব্যবহারযোগ্য পণ্য ক্রয় ও পণ্য ব্যবহারে মিতব্যয়ী হওয়া, গ্রিন এনার্জির ব্যবহার, সবুজ গাছ লাগানো ও অর্গানিক খাবার খাওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।
সেইসঙ্গে কেএফসি ও পিৎজা হাটের রাজধানীর বিভিন্ন শাখার সামনের রাস্তাগুলোকে ডুবুরির ফিন-এর আদলে তৈরি প্রচারপত্র দিয়ে সাজানো হয়। নগরীর বিভিন্ন মোড়ে টাঙানো হয় বিলবোর্ড।
এদিন কেএফসির গুলশান শাখায় এক সংবাদ সম্মেলনে ট্রান্সকম ফুডস লিমিটেড এর নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, "বৈশ্বিক উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাই আমরা আমাদের ব্যবসার পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছি। কার্বন নিঃসরণ কমানোর জন্য কেএফসি ও পিৎজা হাট তাদের মেন্যুতে যথাসম্ভব দেশীয় খাবারের উপাদান রাখার চেষ্টা করবে। এর অংশ হিসেবে এখন কেএফসির মুরগী আসছে ব্র্যাক পোল্ট্রি থেকে।"
তিনি জানান, খাদ্য উপাদান দীর্ঘ পথ পরিভ্রমণ করলে কার্বন নিঃসরণের পরিমাণ বেড়ে যাওয়ায় তারা স্থানীয় উৎস থেকে খাদ্য উপাদান সংগ্রহ শুরু করেছেন।
সংবাদ সম্মেলনে এই প্রচারণা পরিচালনাকারী প্রতিষ্ঠান টিবিডব্লিউ বেঞ্চমার্ক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আশরাফ কায়সারও বক্তব্য রাখেন। তিনিও মানুষকে অভ্যাস পরিবর্তন করে ধরিত্রীকে বাঁচানোর আহ্বান জানান।
পৃথিবীর জন্য একটি দিন
আজকের দিনটি শুধুমাত্র মানুষের প্রিয় আবাসস্থল এই ধরিত্রীর জন্য উৎসর্গীকৃত। সবুজ প্রজন্মের দাবি অনুযায়ী ২২ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হচ্ছে 'বিশ্ব ধরিত্রী দিবস' (ওয়ার্ল্ড আর্থ ডে) হিসেবে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়ন সংস্থা, পরিবেশবাদী সংগঠন ও বেসরকারি সংস্থা দিবসটি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এইচএ/১৬০৩ঘ.
bdnews24